Home আঞ্চলিক যশোরে উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকি দুপুরে মামলা-সন্ধ্যায় জামিন

যশোরে উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকি দুপুরে মামলা-সন্ধ্যায় জামিন

11

শহিদুল ইসলাম দইচ।।
যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে হত্যার হুমকি ও গালিগালাজের ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় আটজনের নামে মামলা হয়েছে। বিকেলে পুলিশ এ মামলার এজাহারভুক্ত তিন আসামিকে আটক করার পর সন্ধ্যায় আদালত তাদেরকে জামিন দেয়।
কোতয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, ২৭ জুন রাত আড়াইটার দিকে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর শহরের খালধার রোডের বাড়ির সামনে গিয়ে সন্ত্রাসীরা গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান নিজেই বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মঙ্গলবার মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ- ওসি রুপন কুমার সরকার জানান, মামলা রেকর্ড হবার কয়েক ঘন্টার মধ্যে ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শহরের পুরাতন কসবা কাঠালতলা এলাকা থেকে এজাহারভুক্ত তিন আসামিকে আটক করে।
আটককৃতরা হলেন ওই এলাকার বাবুল (৪৫), নূরনবী (৪০) ও তাপস (৩৫)। মামলার অপর আসামিরা হলেন, শহরের কাজীপাড়ার তৌহিদ চাকলাদার ফন্টু (৪৫), লোন অফিস পাড়ার আশিকুল ইসলাম বাঁধন (৪০), কাজীপাড়ার তেঁতুলতলার রওশন ইকবাল শাহী (৩২), রেলগেট তেঁতুলতলার ফাহমিদ (২৫) ও কাজীপাড়ার মেহেদী হাসান রনি (৩০)।
এদিকে আটকের পরপরই পুলিশ তিনজনকে আদালতে পাঠায়। শুনানি শেষে সন্ধ্যায় যশোর সদর সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম তাদের জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছে কোর্ট পিলিশ পরিদর্শক মো. মফিজুর রহমান।
মামলার এজাহারে বাদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী উল্লেখ করেছেন, আসামি ফন্টুর অপরাধ কর্মকা-ের বিরোধিতা করায় তার উপর ক্ষিপ্ত হয়ে মেরে ফেলার পাঁয়তারা করে আসছে। একই কারণে তারা দুইটি গাড়িতে করে তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় তিনি ঘর হতে বের হয়ে আসলে সন্ত্রাসীরা তাকে প্রকাশ্যে দিবালোকে খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর গাড়ি দুটি ফের তার বাড়ির সামনে এসে ওই সন্ত্রাসীরা বাদিকে শাহীন চাকলাদারের রাজনৈতিক বাধা উল্লেখ করে খুনের হুমকি দিয়ে বলে যে, পথ পরিস্কার করে ফেলব। খবর পেয়ে পুলিশের টহল গাড়ি এসে পড়ায় সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
উল্লেখ্য, আসামি তৌহিদ চাকলাদার ফন্টু যুবলীগ নেতা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সাংসদ শাহিন চাকলাদারের চাচাতো ভাই। উপজেলা চেয়ারম্যান ফরিদ দলীয় গ্রুপিংয়ে শাহিনের প্রতিপক্ষ গ্রুপের। উপজেলা চেয়ারম্যান ফরিদ চৌধুরী জেলা যুবলীগের সভাপতি ছাড়াও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদেও আছেন।