খবর বিজ্ঞপ্তি।।
পাইকগাছা উপজেলা বিএনপি’র সম্মেলন আজ বুধবার, ২৯ জুন। সম্মেলন ঘিরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতোমধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী নেতৃত্বে আসতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর উপজেলার দশটি ইউনিয়নের ৭১০জন কাউন্সিলর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের অপেক্ষায়। গতকাল মঙ্গলবার (২৮ জুন) এক বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির সভাপতি আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী জানিয়েছেন, পাইকগাছা উপজেলার প্রতি ইউনিয়ন থেকে ৭১জন করে ১০টি ইউনিয়নে ৭১০জন (কাউন্সিলর) ভোটার রয়েছেন। অন্যদিকে, পাইকগাছা উপজেলায় সভাপতি পদপ্রত্যাশী আছেন দুইজন। বর্তমান আহ্বায়ক ডাঃ আবদুল মজিদ ও যুগ্ম-আহ্বায়ক শেখ ইমাদুল ইসলাম। অন্যদিকে, সাধারণ সম্পাদক প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক ও মোঃ শাহদাৎ হোসেন ডাবলু।
আজকের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। জেলা বিএনপি’র উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু। পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেণ এ্যাড. একেএম শহিদুল আলম, সহকারী নির্বাচন কমিশনার এহতেশামুল হক শাওন ও মোঃ আশরাফুল ইসলাম। এছাড়া প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক মনিরুল হক বাবুল, সহকারী প্রিজাইডিং অফিসার মোল্যা মোশাররফ হোসেন মফিজ, তৈয়েবুর রহমান, শামীম কবির ও আশরাফুল আলম নান্নু।











































