মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
গাড়ী আমদানীতে সর্বোচ্চ রেকর্ড গড়েছে মোংলা বন্দর। বিগত বছরের তুলনায় সব রেকর্ড ভেঙ্গে যা চট্টগ্রাম বন্দরকেও ছাড়িয়ে গেছে। চলতি অর্থ বছরে (২০২১ইং-২২ইং) এ বন্দরে গাড়ী আমদানী হয়েছে ২০ হাজার ৮০৮ টি। যা এ যাবৎ কালের সর্বোচ্চ। মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, মোংলা বন্দর দিয়ে প্রথম ২০০৯ সালে ৮ হাজার ৯০৯ টি গাড়ী আমদানী হয়। এরপর ধারাবাহিকভাবে গাড়ী আমদানী বাড়তে থাকে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল বলেন, চলতি অর্থ বছরে মোংলা বন্দর দিয়ে গাড়ী আমদানী হয়েছে দেশের মোট আমদানীর ৬০ শতাংশ। আর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানী হয়েছে ৪০ শতাংশ। ২০২১ইং-২২ইং অর্থ বছরে দেশের দুই বন্দরে গাড়ী আমদানী হয়েছে ৩৪ হাজার ৭৮৩ টি। এরমধ্যে মোংলা বন্দরের মাধ্যমে ২০ হাজার ৮০৮ আর চট্টগ্রাম বন্দরে আমদানী হয়েছে ১৩ হাজার ৯১৩ টি গাড়ী। বিগত অর্থ বছরের তুলনায় এটাই সর্বোচ্চ রেকর্ড বলেও জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দরে গাড়ী আমদানী ক্রমেই বেড়ে চলছে। কারণ হিসেবে তিনি বলেন, আমদানীকারকদের বন্দর কর্তৃপক্ষ থেকে বিভিন্ন ধরণের প্রনোদনা প্যাকেজ ঘোষণা, স্বল্প সময়ের মধ্যে এই বন্দর থেকে গাড়ী খালাস, আমদানীকৃত গাড়ী রাখার জন্য উন্নতমানের শেড ও ইয়ার্ড নির্মাণ এবং আমদানীকৃত গাড়ীর নিরাপত্তা নিশ্চিত করণে সার্বক্ষণিক টহল ও সিসি ক্যামেরায় মনিটরিং ব্যবস্থা রাখা। তিনি আরও বলেন, সময় ও অর্থ সেভ হওয়ার কারণে আমদানীকারকরা এই বন্দরকে বেঁচে নিয়েছেন। এখন পদ্মা সেতু চালু হওয়ায় ব্যবসায়ীদের আরও সুযোগ তৈরি হলো। ব্যবসায়ীরা গাড়ী আমদানী করে দ্রুতই এখান থেকে সড়ক পথে মাত্র সাড়ে তিন ঘন্টায় গাড়ি নিয়ে ঢাকায় পৌঁছাতে পারছেন। এতে করে ব্যাপক লাভবান হবেন তারা। সড়ক ব্যবস্থায় উন্নতি হওয়ায় গাড়ী আমদানী বৃদ্ধিসহ এ বন্দরে ব্যাপক কর্মযজ্ঞের সৃষ্টি হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারবিডা) সভাপতি মোঃ হাবিবুল্লাহ ডন বলেন, পদ্মা সেতু চালু হওয়ার ফলে আমাদের ব্যবসায়ীদের আমদানী করা শতাধিক গাড়ী মোংলা বন্দর দিয়ে সাড়ে তিন ঘন্টায় ঢাকায় পৌঁছে গেছে। সেতু চালু হওয়ায় এই বন্দর দিয়ে গাড়ী আমদানির আগ্রহ বেড়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, ঢাকা থেকে চট্রগ্রাম বন্দরের দুরত্ব ২৬০ কিলোমিটার, সেখানে ঢাকা থেকে মোংলা
বন্দরের দুরত্ব ১৭০ কিলোমিটার। যে কারণে একটি গাড়ি বন্দর থেকে খালাসের পর খুবই কম সময়ে ও স্বল্প খরচে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছাতে সক্ষম হবে বলে মোলা বন্দর ব্যবহার করে গাড়ী আমদানী বৃদ্ধি পাবে।











































