Home আঞ্চলিক স্বীকৃতি মানুষকে কাজ করতে উদ্বুদ্ধ করে : উপাচার্য

স্বীকৃতি মানুষকে কাজ করতে উদ্বুদ্ধ করে : উপাচার্য

13

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, শিক্ষকদের গবেষণায় উদ্বুদ্ধ করতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড চালু করা একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি বলেন, মানুষ কাজ করে নেশায়, স্বীকৃতির জন্য নয়। গবেষণা ঠিক সে রকম, গবেষণার জন্য নিরন্তর প্রচেষ্টা ও সাধনার দরকার হয়। তবে উৎসাহ বৃদ্ধিতে কাজের স্বীকৃতি প্রয়োজন। স্বীকৃতি মানুষকে কাজ করতে উদ্বুদ্ধ করে, উদ্যমকে বাড়িয়ে দেয়। এটি দেখে অন্যরাও গবেষণায় আরও বেশি উৎসাহিত হয়। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি প্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণায় উন্নীত করতে গৃহীত পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মানকে উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে কাজ করা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, আগামীতে এপিএ’র স্কোর না বাড়লে আমরা পর্যাপ্ত বাজেট পাবো না।
অ্যাওয়ার্ডপ্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, এই অ্যাওয়ার্ডের মর্যাদা রক্ষ করতে হবে। আমরাও প্রশাসনের পক্ষ থেকে গবেষণায় সাধ্যমতো সহযোগিতা করবো। তবে শুধু ইউজিসি কিংবা বিশ্ববিদ্যালয় নয়, আন্তর্জাতিক সংস্থা/প্রতিষ্ঠান থেকে গবেষণার অর্থসংস্থানের ব্যবস্থা করতে হবে।
আজ ২৮ জুন (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ জন শিক্ষককে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২০ ও ২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি তাঁর বক্তব্যের শুরুতে খুলনা বিশ্ববিদ্যালয়ে এই অ্যাওয়ার্ড চালু করার উদ্যোগ গ্রহণের জন্য পূর্ববর্তী উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নাম উল্লেখ করে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে তিনি ৫০ হাজার টাকার একটি চেক, একটি সনদপত্র ও একটি মেডেল প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। গবেষণা সেলের পরিচালক (চলতি দায়িত্ব) প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গবেষণা সেলের যুগ্ম পরিচালক প্রফেসর ড. লস্কর এরশাদ আলী।
সেলের যুগ্ম পরিচালক প্রফেসর ড. তুহিন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস ও প্রভাষক মোঃ আশফিকুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
২০২০ সালের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন- গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান, বাংলা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রুবেল আনছার ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রভাষক সৈয়দ আফরোজ কেরামত। ২০২১ সালের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন- ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. আব্দুল্লাহ-আল নাহিদ, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এবং ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রভাষক মোঃ আশফিকুর রহমান।

খুবিতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার প্রদান
আজ ২৮ জুন (মঙ্গলবার) বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে একজন করে কর্মকর্তা ও কর্মচারীকে প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার প্রদান করেন। পুরস্কারস্বরূপ তাদেরকে একটি ক্রেস্ট, সনদপত্র ও মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশে শুদ্ধাচার পুরস্কার প্রদান পদ্ধতি চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শুদ্ধাচার পুরস্কার চালু হলো। এটি কর্মকর্তা-কর্মচারীদের কাজের ক্ষেত্রে উৎসাহ বাড়াবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা অর্জনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। বিশ্ববিদ্যালয়ের এপিএ’র ফোকালপার্সন এস এম আবু নাসের ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা ইংরেজি ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার রাজিয়া সুলতানা ও পুরস্কারপ্রাপ্ত কর্মচারী রেজিস্ট্রার কার্যালয়ের অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর মোঃ রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

খুবিতে এপিএ কমিটির সভা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির এক সভা আজ ২৮ জুন (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টায় শহিদ তাজউদ্দীন আহমেদ ভবনের নতুন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি এপিএর ত্রৈমাসিক (এপ্রিল-জুন) এবং সার্বিকভাবে বার্ষিক (২০২১-২০২২) অগ্রগতি, অর্জনসমূহ এবং অন্যান্য সূচকের বিষয়ে অবহিত হন। কিছু কিছু ক্ষেত্রে দিকনির্দেশনা প্রদান করে তিনি বলেন, আগামীতে এপিএ বাস্তবায়নে দক্ষতা মূল্যায়নের উপরই বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দসহ অনেক কিছুই নির্ভর করবে। এছাড়া র‌্যাংকিং বা বিশ্বমান অর্জনের ক্ষেত্রেও এপিএ সূচক অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই সূচক অর্জনের ক্ষেত্রে অসাধারণ ক্যাটাগরিতে আমরা যেতে চাই এবং খুলনা বিশ্ববিদ্যালয় এপিএ’র লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রবর্তী অবস্থানে থাকতে চায়। সেজন্য এপিএ টিমসহ সংশ্লিষ্ট সকলকে এই লক্ষ্য পূরণে এগিয়ে আসতে হবে।
খুলনা বিশ্ববিদ্যালয় এপিএ কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মাহমুদ উজ-জামান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার কাকলী রহমান, সহকারী রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রামার (আইটি) সায়রা তাসনিম রাবিতা প্রমুখ। সভা সঞ্চালনা করেন এপিএ কমিটির ফোকালপার্সন কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক।

খুবিতে কফিশপের উদ্বোধন
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের উদ্যোগে খ্যাতিসম্পন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান নেসলে কোম্পানি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় শহিদ মিনারের অদূরে লেকসাইড ওয়াকওয়ের নিকটবর্তী স্থানে একটি স্থায়ী কফিশপ চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন আজ ২৮ জুন (মঙ্গলবার) দুপুর ২.৩০ মিনিটে ফিতা কেটে এ কফিশপের উদ্বোধন করেন। পরে তিনি এ উপলক্ষ্যে কেক কাটেন। উপাচার্য এ উদ্যোগকে স্বাগত জানান এবং এর সেবা সম্পর্কে খোঁজ-খবর নেন।
এসময় জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, সহকারী ছাত্র বিষয়ক পরিচালকবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।