ঢাকা অফিস।।
উৎসবের রঙে রঙিন আজ পুরো বাংলাদেশ। গর্ব, অহংকার আর আভিজাত্যের প্রতীক পদ্মা সেতুর দ্বার শনিবার উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর হাত ধরেই উন্মোচিত হয়েছে পদ্মার পথ চলা। বিশাল আয়োজনে মাওয়া প্রান্তে অনুষ্ঠিত হয়েছে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই দেখা মিললো মমতা মায়ের।
উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চে বিশিষ্টজনদের সাথে উপস্থিত ছিলেন তাঁর একমাত্র কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। সেখানেই দেখা মিললো মা-মেয়ের ভালোবাসার অপরূপ চিত্র। খোলা মঞ্চে থাকায় মেয়ের চুলগুলো বাতাসে উড়িয়ে নিচ্ছিলো। বারবার হাত দিয়ে সেই চুল সরাচ্ছিলেন প্রধানমন্ত্রী তনয়া পুতুল। বিষয়টি নজর এড়ায়নি প্রধানমন্ত্রীর।
পরম মমতায় মেয়ের দিকে তাকালেন তিনি। নিজের ক্লিপ খুলে দিলেন মেয়ের চুল বাঁধতে।
সাফল্যের চূড়ায় থাকা মেয়েও মায়ের ভালোবাসায় সিক্ত হয়ে নিলেন সেই ক্লিপ। আর আট দশটি বাঙালি নারীর মতো সেই ক্লিপ দিয়ে বেঁধে নেন নিজের চুল। মা-মেয়ের সার্বজনীন এই ভালোবাসার দৃশ্যটি এখন ঘুরে বেড়াচ্ছে অন্তর্জাল জুড়ে।
সামাজিক মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে মা-মেয়ের অপরূপ ভালোবাসার ভিডিও ছড়িয়ে পড়ায় আপ্লুত হয়েছেন নেটিজেনরা। একের পর এক মনোমুগ্ধকর মন্তব্যে শুভেচ্ছা জানিয়েছেন মা-মেয়েকে। প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও শেখ হাসিনার এই মাতৃত্ব আসলেই মুগ্ধ হওয়ার মতো।
তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তার ফেসবুক পেইজে এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন-
আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা
আমি তোমার চোখের তারায় বাঁচি মা,
আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা
আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা,
আমি তোমায় ভালোবাসায় মুড়ে, রাখি মা।
ঘণ্টা দুয়েকের মধ্যে এই ভিডিও ছড়িয়ে পড়ে সর্বত্র। মুহূর্তেই মা-মেয়ের ভালোবাসা ও মমতার দৃশ্যটি লুফে নেন সবাই। কেউ কেউ আবেগীও হয়ে পড়েন। কেউ আবার নিজের ছায়া খুঁজে পান ওই দৃশ্যে।
অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতৃত্বের এই রূপ এবারই প্রথম দেখা গেলো না। তিনি নিজের হাতে ছেলে-মেয়েকে রান্না করে খাওয়াচ্ছেন এই দৃশ্যও দেখেছে দেশবাসী। নাতি-নাতনি নিয়ে ঘরোয়া আর দশটি বাঙালি নারীর মতো মেতেছেন খেলায়। তাঁর মাতৃত্বের গল্পটি আসলেই মমতার, ভালোবাসার।











































