রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||
রামপালে নিহত কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে মৎস্যঘের কেটে দখল চেষ্টা ও মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। নিহত বিএনপি নেতা আতিয়ার রহমানের স্ত্রী সুলতানা বেগম বাদী হয়ে প্রতিকার চেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, উপজেলার সোনাতুনিয়া গ্রামের নিহত আতিয়ারের স্ত্রী সুলতানা বেগম স্বামীর রেখে যাওয়া জমিতে দীর্ঘদিন ধরে মৎস্য চাষ করে আসছেন। ওই ঘেরের পাশে থাকা হত্যা মামলার আসামি একই এলাকার আ. মজিদ শেখের পুত্র অলিয়ার রহমান ও বাচ্চু শেখ এবং বারিক শেখের পুত্র তহিদ শেখ বৃহস্পতিবার সকালে মৎস্যঘের কেটে নিজেদের ঘেরের সাথে মিশিয়ে দেয় এবং গাছপালা কেটে সাবাড় করে।
এতে তার বিপুল পরিমাণ ক্ষতি হয়। সুলতানা বেগম অভিযোগ করেন তার স্বামী মার্ডারের ওই তিন জন আসামি মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে আসছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য অলিয়ার রহমান ও বাচ্চুর কাছে জানতে চাইলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন যে ও জমি আমাদের। এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে জানান। #











































