যশোর অফিস।।
যশোরে ট্রাকচালক রেজাউল করিম (৩৮) হত্যার রহস্য উদঘাটন করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় জড়িত হেলপার হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। এ সময় ট্রাক ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় জানিয়েছেন, পাওনা টাকা না দেওয়ায় ঘুমন্ত রেজাউলকে শ্বাসরোধে হত্যার পর লাশ পুকুরে ফেলে ট্রাক নিয়ে পালিয়ে যান তিনি।
হৃদয় মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম নথুরা গ্রামের জসিমের ছেলে।
গত মঙ্গলবার সকালে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামের একটি পুকুর থেকে রেজাউল করিমের লাশ উদ্ধার করা হয়। তিনি বরিশালের গৌরনদী উপজেলার টরকীরচর গ্রামের ইউনুস বয়াতির ছেলে।
পরদিন বুধবার নিহতের স্ত্রী হাসিনা বেগম হৃদয়সহ অজ্ঞাতদের নামে কোতয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ।
শুক্রবার বিকালে জেলা পুলিশের মুখপাত্র রুপন কুমার সরকার জানান, শুক্রবার কুমিল্লা জেলার চান্দিনা পুলিশের সহায়তা আসামি হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। তার হেফাজত থেকে চুরি করা ট্রাক ও মোবাইল ফোন জব্দ করা হয়। হত্যার পর রং দিয়ে হাতে লিখে ট্রাকটির রেজিস্ট্রেশন নাম্বার পরিবর্তন করা।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় জানিয়েছে, ভিকটিম রেজাউলের কাছে পাওনা টাকা চেয়ে না পেয়ে ক্ষোভে হত্যার পরিকল্পনা করেন। সাতক্ষীরা ভোমরা থেকে বসুন্দিয়া আসার পথে গত মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে যশোর শহরতলীর মোড়লী রেলক্রসিং পার হওয়ার পর রেজাউল বিশ্রামের সময় ঘুমিয়ে পড়েন।
এ সময় তার গলায় রশি দিয়ে পেঁচিয়ে রেজাউলকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়ে ট্রাক ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যান। চুরি করা ট্রাক নিয়ে কুষ্টিয়ার খোকসা থেকে পেঁয়াজের ভাড়া (ক্ষ্যাপ) নিয়ে কুমিল্লার চান্দিনা কাঠেরপুল পেঁয়াজের আড়তে নিয়ে যান।











































