Home আঞ্চলিক যানবাহন চালনার ক্ষেত্রে নিরাপত্তার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : উপাচার্য

যানবাহন চালনার ক্ষেত্রে নিরাপত্তার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : উপাচার্য

13

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আজ ২৪ জুন (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে কর্মরত ড্রাইভার ও হেলপারদের ‘সেফ ড্রাইভিং এন্ড ওয়ার্ক ইথিকস্ ফর দ্য ড্রাইভার এন্ড হেলপার’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯.১৫ মিনিটে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষের জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। কর্মজীবী অবস্থায় শেখার মাধ্যম হচ্ছে প্রশিক্ষণ। কোনো শিক্ষাই বৃথা যায় না। তিনি আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানে উন্নীত করা সরকারের লক্ষ্য। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষ হতে হবে।
উপচার্য বলেন, যানবাহন চালনার ক্ষেত্রে দক্ষতার চেয়ে নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ বিষয়। দক্ষ ড্রাইভার হয়ে যদি দুর্ঘটনার সম্মুখীন হতে হয়; তাহলে তার আর নিরাপত্তা থাকে না। এজন্য সড়কে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মেনে চতে হবে। ট্রাফিক আইনের বিভিন্ন রুল জেনে তার প্রতিফলন করতে হবে। সকলের সাথে সহানুভূতি বজায় রেখে ভালো আচরণ করতে হবে।
ড্রাইভার-হেলপারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যখন রাস্তায় গাড়ি নিয়ে বের হন, তখন মনে রাখতে হবে আপনারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়ের গাড়ি দেখে মানুষ আপনাদের সম্মান করে, আপনাদেরও উচিত তাদের সম্মান করা। যদি কেউ বেপরোয়াভাবে গাড়ি চালায়, তবে গোটা বিশ্ববিদ্যালয়ের বদনাম হবে। এজন্য ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলতে হবে। উপাচার্য ড্রাইভার ও হেলপারদের এমন একটি প্রশিক্ষণের আয়োজন করায় আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।
পরে তিনি ‘ট্রেইটস্ অফ এ স্টাফ’ শীর্ষক একটি সেশন পরিচালনা করেন। সেশনে তিনি কাজে অনুপ্রেরণা, উদ্দীপনা, সততা, আন্তরিকতা, সময়ানুবর্তিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, হতাশা সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মতিউল ইসলাম। আরও বক্তব্য রাখেন পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন। তিনি এমন একটি মহতী উদ্যোগ নিয়ে ড্রাইভার-হেলপারদের প্রশিক্ষণের আয়োজন করায় উপাচার্য, আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের পরিবহন পুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে ছিলেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শক মো. আবু সাঈদ, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ তাজুল ইসলাম, খুলনা বিআরটিএ’র অতিরিক্ত পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ড্রাইভার-হেলপারসহ ৫১ জন অংশগ্রহণ করেন।

সরাসরি সম্প্রচারিত পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন অনুষ্ঠান খুবিতে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার (২৫ জুন) সকাল ১০টায় বহুল কাক্সিক্ষত স্বপ্নের পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করবেন। সরাসরি সম্প্রচারিত উদ্বোধন অনুষ্ঠানটি খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০টির অধিক কোম্পানির অংশ নেবে: খুবিতে দু’দিনব্যাপী চাকরি মেলা শুরু হচ্ছে আগামীকাল ২৫ জুন
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) প্রথমবারের মতো বৃহৎ পরিসরে চাকরি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল ২৫ ও ২৬ জুন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ চাকরি মেলা অনুষ্ঠিত হবে। রোটার‌্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের যৌথ আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আয়োজক সূত্রে জানা যায়, আসন্ন এ চাকরি মেলায় ইতিমধ্যে নামকরা নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণের বিষয় নিশ্চিত করেছে। এসব কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, বিকাশ, আরএফএল, প্রাণ, আনোয়ার গ্রুপ, ম্যারিকো, এম আই এডুকেশন, ক্লাউড ইনস্টিটিউট, ইমপেল এডুকেশন, আলিফ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস, জাইনিক ল্যাব, টেন ওয়েব প্রপার্টিজ, রাইট সাইট এডুকেশন, অ্যাপেক্স, লেক্সিকন। এছাড়াও ইউনিলিভার ও ব্রিটিশ আমেরিকান টোবাকো অনলাইনে অংশগ্রহণ করবে এ মেলায়।
আয়োজকরা জানান, ২৫ ও ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির তৃতীয় তলায় এ মেলা অনুষ্ঠিত হবে। একইসাথে এ দুদিন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মশালা অনুষ্ঠিত হবে।
সংগঠনের সদস্যরা জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম এত বড় আকারে চাকরি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মেলায় খুবি শিক্ষার্থীরা ছাড়াও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এ দুদিন চাকরি প্রার্থীরা তাদের জীবন বৃত্তান্ত জমা দিতে পারবেন নিয়োগকারীদের বুথে এবং পরবর্তীতে সেগুলো বাছাই করে অনুষ্ঠতব্য ‘ইন্টারভিউ’-র জন্য ডাকা হবে প্রার্থীদের।