মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলায় সাড়ে তিন বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টায় ৬০ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির কাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত মৌজালি সরদার (৬০) নামের ওই বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় ওই বৃদ্ধের নামে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন শিশুটির মা। অভিযুক্ত মৌজালি সরদার উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি- কাটাখালী গ্রামের মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে।
তবে ধর্ষণ চেষ্টার এ ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ বলছেন, ঘটনাটি সঠিক নয়, আবার কেউ বলছেন, ফাঁসানোর জন্যই প্রতিপক্ষ এটি পরিকল্পিতভাবে সাজাতেও পারেন। তবে ঘটনা সঠিক হলে তার বিচার হওয়া প্রয়োজন বলেও জানান তারা। স্থানীয়রা আরো বলেন, ঘটনাটি রহস্যজনক, তাই পুলিশের উচিত সঠিক যা তা তদন্ত করে খুজে বের করা।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, শুক্রবার সকালে জয়মনি গ্রামের জনৈক ব্যক্তির সাড়ে তিন বছর বয়সের শিশু কন্যাকে নিয়ে তার নানী একই এলাকার রাকিব শেখের মাছের ডিপোতে যান। এ সময় ওই শিশুটি পাশের একটি বাড়ীতে খেলতে যায়। সেখান থেকে মৌজালি সরদার শিশুটিকে প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে যান। ঘরে নিয়ে মৌজালি শিশুটিকে ধর্ষনের চেষ্টা করেন। শিশুটির ডাক-চিৎকারে তার নানী ছুটে এসে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের চেষ্টাকারী মৌজালি সরদারকে পুলিশ আটক করে। পরে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামী মৌজালি সরদারকে শনিবার বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম।










































