Home আঞ্চলিক রামপালে কয়েকটি বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

রামপালে কয়েকটি বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

85

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

বাগেরহাটের রামপালে কয়েকটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ওই কমিটি বাতিল করে পুনরায় বিধি মোতাবেক কমিটি গঠনের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

জানা গেছে, উপজেলা পর্যায়ে কোন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে নির্বাচনী তফসিল ঘোষণার আগে প্রবিধান-১৪ এর অধীনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রতিষ্ঠান প্রধান লিখিতভাবে অনুরোধ জানাবেন। উপজেলা নির্বাহী অফিসার সাতদিনের মধ্যে ম্যানেজিং কমিটির কোন সদস্য বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চুড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কোন ব্যক্তি ব্যতীত কোন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাকে প্রিজাইডিং অফিসার নিয়োগ করবেন। বিধি মোতাবেক তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। কিন্তু প্রবিধানমালা লঙ্গন করে এ উপজেলার কয়েকটি মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তার পরিবর্তে দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদার একজন কর্মকর্তাকে প্রিজাইডিং অফিসার নিয়োগ করে কমিটি গঠনের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রবিধান লঙ্গন করে ম্যানেজিং কমিটি গঠন করায় অনিয়মের অভিযোগ তুলে উপজেলার চাঁদপুর শংকর নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়, ছোট সন্ন্যাসী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ আরো একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল করেছে যশোর শিক্ষা বোর্ড। অভিযোগ করা হয়েছে একটি বিদ্যালয়ে একজন মৃত অভিভাবককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করাসহ জোরপূর্বক এক নারী অভিভাবককে তার প্রার্থীতা প্রত্যাহার করতে বাধ্য করার পাশাপাশি অন্তত ১৫ জনকে একাধিকবার ভোটার করা হয়েছে। ম্যানেজিং কমিটি গঠন প্রবিধানমালায় সংশ্লিষ্ট অভিভাবক ভোটার তালিকায় কেবল মাত্র প্রতিষ্ঠান প্রধানই স্বাক্ষর করবেন এমনি নিয়ম থাকলেও প্রধান শিক্ষকের পাশাপাশি কমিটির সভাপতিও স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।

অভিযোগকারীরা বলেন, বিআরডিবি কর্মকর্তা প্রথম শ্রেণীর কর্মকর্তা নন। তিনি কিভাবে প্রিজাইডিং কর্মকর্তা হলেন। তারা তদন্তপূর্বক পুনরায় কমিটি গঠনের দাবী করেছেন।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়, তুলশিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়, ছোট সন্ন্যাসী ও চাদপুর শংকর নগর নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার ছিল বিআরডিবি কর্মকর্তা। ওইসব বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে অভিযোগ উঠেছে। তদন্ত হবে শুনেছি। তদন্তে যা হয় তাই হবে। একটি বিদ্যালয়ের ভোটার তালিকায় একই নাম একাধিকবার প্রিন্টের পাশাপাশি একজন মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ভোটার তালিকায় হেড মাস্টার স্বাক্ষর করেন। তবে ওই তালিকায় কোন ত্রুটি আছে কিনা তা যাচাই-বাছাই করে তারপর রেজুলেশন করা হয়। আর সেই রেজুলেশনে স্বাক্ষর করেন বিদ্যালয়ের সভাপতি।