Home Uncategorized খুলনায় এফডিআর জালিয়াতির অভিযোগে ব্যবসায়ী কারাগারে

খুলনায় এফডিআর জালিয়াতির অভিযোগে ব্যবসায়ী কারাগারে

10

 

স্টাফ রিপোর্টার।।

এফডিআরের ভুয়া কাগজপত্র দিয়ে জনতা ব্যাংক খুলনা করপোরেট শাখা থেকে ১ কোটি ৫৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় ব্যবসায়ী তৌহিদুর রহমান বাবুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জুন) খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ আদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের দায়ের করা মামলায় বুধবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বাবু। পরে বৃহস্পতিবার শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠান।

আদালত সূত জানায়, প্রতারক তৌহিদ ১৩টি নাম ব্যবহার করে ৪০টি এফডিআর জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অর্থআত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মুজিবুর রহমান বলেন, খুলনা অক্সিজেন কোম্পানির কর্ণধার তৌহিদুর রহমান বাবু ওরফে তৌহিদ মাহমুদ এবি ব্যাংক ধানমন্ডি শাখার এফডিআর লিয়েন দেখিয়ে জনতা ব্যাংক খুলনা করপোরেট শাখা থেকে ১ কোটি ৫৬ লাখ টাকা ঋণ নেন। এফডিআরের কাগজপত্র ভুয়া ধরা পড়ার পর ২০০৬ সালের ৭ ডিসেম্বর খুলনা থানায় মামলা করে দুদক। এ মামলায় বাবুসহ সাতজনের নামে চার্জশিট দেওয়া হয়। মামলার অন্য আসামিরা হলেন- বাবুর মামা নজরুল ইসলাম, মামি শর্বরী ইসলাম, এস এম আমিরুল হক, এইচ এম বারিক বাদল, জিল্লুর রহমান ও সুবোধ কুমার দে।

তিনি আরও বলেন, এবি ব্যাংক ঢাকার এবিপি ও লোন অফিসার এবং খুলনা শাখার এজিএম ও লোন অফিসার যোগসাজশে এই টাকা আত্মসাতের ঘটনা ঘটিয়েছেন।