যশোর অফিস।।
এক যুগ পর যশোর সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটে জাতীয় নির্বাচনের আদলে উপজেলার শীর্ষ চারটি পদের নেতা নির্বাচন করা হয়েছে।
সভাপতি নির্বাচিত হয়েছে মো. নূর-উন-নবী, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু।
মঙ্গলবার রাত ৯ টার দিকে ভোট গণনা শেষে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ফলাফল ঘোষণা করেন।
এর আগে যশোর টাউন হল মাঠের আলমগীর সিদ্দিকী হলে দ্বি-বার্ষিক কাউন্সিলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বেলা ২টা থেকে ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে মোট ৯৯৪ জনের মধ্যে ৯৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে মো. নূর-উন-নবী ও কাজী আজম, সাধারণ সম্পাদক পদে আঞ্জুরুল হক খোকন ও রেজাউল ইসলাম কামাল এবং সাংগঠনিক সম্পাদকের দুটি পদে আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, অধ্যাপক আসাদুজ্জামান শাহীন ও ইদ্রিস আলী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর আগে সদর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৯ সালে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন। অন্যান্য অতিথিদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম।
উদ্বোধনী অনুষ্ঠানে ওড়ানো হয় শান্তির প্রতীক পায়রা, রং বেরংয়ের বেলুন, ফেস্টুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।











































