স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়ব মুন্সী ও দৈনিক লোকসমাজের রামপাল প্রতিনিধি এ এস সবুর রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মঙ্গলবার (৭ জুন) তাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনাল খুলনার বিচারক কনিকা বিশ্বাস এই চার্জ গঠন করেন।
সাইবার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এম সাজ্জাদ আলী জানান, আদালত আগামী ২০ সেপ্টেম্বর মামলার প্রথম সাক্ষী ও বাদী খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সাক্ষ্য গ্রহণের জন্য সমন জারি করেছেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা মামলায় আসামিদের অব্যাহতির আবেদন করলে আদালত তা না মঞ্জুর করেন।
২০২১ সালের ২১ এপ্রিল খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা সদর থানায় আবু তৈয়ব মুন্সী এবং এ এম সবুর রানার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় আবু তৈয়ব গ্রেফতার হন এবং পরে জামিন পান। পরবর্তী সময়ে মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার পুলিশ পরিদর্শক মো. সাঈদুর রহমান ২০২১ সালের ৩১ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন।
যার শুনানি অনুষ্ঠিত হয় মঙ্গলবার। শুনানি শেষে বিচারক ডিজিটাল নিরাপত্তা আইনে দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বর্তমানে আবু তৈয়ব ও এ এম সবুর রানা উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন।











































