স্টাফ রিপোর্টার।।
তরিকুল ইসলাম শিহাব। বয়স সবে নয় বছর। খুলনার সাচিবুনিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে। বছর তিনেক আগে দুর্ঘটনায় এক পা হারায়। মাকে হারিয়েছে তিন বছর বয়সে।
যে বয়সে মায়ের হাতে মাখানো ভাত খাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে খেলায় মত্ত থাকার কথা সে বয়সে এক পায়ে ভর করেই ধরতে হয়েছে সংসারের হাল। চালাচ্ছে নিজের পড়াশোনার খরচও।
এক পা আর ক্র্যাচে ভর করে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ঘুরে ঘুরে ডিম ও শশা বিক্রি করত শিহাব। এতেই দৈনিক দেড়শো থেকে দুইশো টাকার মতো আয় হতো। ক্র্যাচে ভর করে সারা ক্যাম্পাস ঘুরতে কষ্ট হয় দেখে একজন শিক্ষার্থী তাকে একটি ওজন মাপার যন্ত্র কিনে দিয়েছেন। এতে যা আয় হয় তা দিয়েই চলে সংসার।
পারিবারিক টানাপোড়েনে শিহাবের তিন বছর বয়সে আত্মহত্যা করেন তার মা। বাবাও বিয়ে করে ভিন্ন সংসার পেতেছেন। সেই থেকেই শিহাবের পৃথিবীতে আপন বলতে শুধু তার নানিই আছেন।
শিহাব জানায়, মা মারা যাওয়ার পর নানির সঙ্গে খুলনার জিরোপয়েন্টের পার্শ্ববর্তী কৃষ্ণনগর এলাকায় থাকে সে। তিন বছর আগে অটো ভ্যানের চেনের মধ্যে পা চলে যায় তার। তখন এক পায়ের বড় রগটি কেটে যাওয়ার কারণে পুরো পা কেটে ফেলতে হয়। এরপর থেকেই ক্র্যাচে ভর করে চলাচল করে সে।
সেসময় শিহাবের নানি অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। ফলে শিহাবের আর কিছু করতে হতো না। সম্প্রতি নানি অসুস্থ হওয়ায় শিহাবের ছোট্ট কাঁধে চাপে সংসারের বড় বোঝা। তাই এক পা ও ক্র্যাচে ভর করে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েন জীবিকার খোঁজে।
শিহাবের নানি হোসনে আরা বলেন, শিহাবের তিন বছর বয়সে ওর মা মারা যায়। তারপর সৎ মায়ের নির্যাতনে ও আর বাবার বাড়িতে থাকতে চায়নি। এখন আমি কাজ করতে পারি না, তাই ও যা আয় করে তা দিয়েই চলছে সংসার।
শিহাবের স্বপ্ন বড় হয়ে অনেক বড় চাকরি করবে। অদম্য ইচ্ছাশক্তি থাকলেও স্বপ্ন পূরণে বড় প্রতিবন্ধকতা অভাব-অনটন। কোনো বিত্তবান ব্যক্তি পাশে দাঁড়ালে হয়তো পাল্টে যেতে পারে শিহাবের জীবন যাত্রা।











































