Home জাতীয় ডিজিটাল মামলায় পাহাড় টোয়েন্টিফোরের সম্পাদক গ্রেফতার

ডিজিটাল মামলায় পাহাড় টোয়েন্টিফোরের সম্পাদক গ্রেফতার

5

খুলনাঞ্চল রিপোর্টার।।

রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক ফজলে এলাহীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় শহরের এডিসি হিলের নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফজলে এলাহী বেসরকারি টিভি চ্যানেল এনটিভি, দৈনিক কালের কণ্ঠ, ইংরেজি দৈনিক বিজনেজ স্ট্যান্ডার্ড ও বিডি নিউজের রাঙামাটি প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

বুধবার (৮ জুন) সকালে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার উপপরিদর্শক সাগর বলেন, ঊর্ধ্বতন মহলের নির্দেশে ওয়ারেন্ট আসামি হিসেবে ফজলে এলাহীকে গ্রেফতার করা হয়েছে।

 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল থেকে একটি ওয়ারেন্ট আদালতের মাধ্যমে থানায় আসার পর ফজলে এলাহীকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার বিষয়ে তিনি তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারেননি।

রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন বলেন, মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানি না। আদালত থেকে একটি ওয়ারেন্ট আসায় তাকে গ্রেফতার করা হয়।

 

জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, আমি বিষয়টা জেনেছি। খোঁজখবর নিচ্ছি।

রাঙামাটির সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এবং তার মেয়ে নাজনীন আনোয়ার তাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের ঘটনায় ফজলে এলাহীর বিরুদ্ধে থানায় আলাদা দুটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ দুটি তদন্তের অনুমতি চাইলে আদালত সেই অনুমতি দেন। পরে চট্টগ্রাম থেকে সাইবার ট্রাইব্যুনালের মাধ্যমে একটি ওয়ারেন্ট ইস্যু করা হয়।