Home জাতীয় যুব মহিলা লীগে বিভক্তি: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নাজমা-অপুর পৃথক শ্রদ্ধা নিবেদন

যুব মহিলা লীগে বিভক্তি: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নাজমা-অপুর পৃথক শ্রদ্ধা নিবেদন

15

ঢাকা অফিস।।
বিতর্ক পিছু ছাড়ছে না যুব মহিলা লীগের। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে বিভিন্ন সময় সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে সংগঠনটি। এবার খোদ সভাপতি সাধারণ-সম্পাদক নতুন বিতর্ক উস্কে দিলেন ঐতিহাসিক ছয় দফা দিবসে।
মঙ্গলবার বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ছয় দফা দিবসে ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে একসাথে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদনের কথা থাকলেও আলাদাভাবে নিজ অনুসারীদের নিয়ে শ্রদ্ধা জানাতে দেখা গেছে কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিলকে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পৃথকভাবে ফুল দেয়ার ছবি নিজেদের ফেসবুক ওয়ালে পোস্টও করেছেন তাদের অনুসারীরা।

এ বিষয়ে যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তারকে জিজ্ঞেস করা হলে তিনি বাংলাদেশ জার্নালকে বলেন, আমাদের সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের কথা ছিল। কিন্তু ট্রাফিক জ্যামের কারণে আমার পৌঁছতে কিছুটা দেরি হয়। ইতোমধ্যে সাধারণ সম্পাদক ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ফেলেন।

সভাপতিকে ছাড়া সাধারণ সম্পাদকের একা শ্রদ্ধা নিবেদনের বিষয়টা সংগঠনের জন্য নেতিবাচক কিনা জিজ্ঞেস করা হলে নাজমা আক্তার বলেন, বিষয়টা অবশ্যই দৃষ্টিকটু। কিন্তু এক্ষেত্রে আমার কী করার আছে? আপনি তাকে (অপু উকিল) জিজ্ঞেস করতে পারেন।

এ ব্যাপারে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অপু উকিলকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,সভাপতি আসতে দেরি করেছেন। আমাদের মধ্যে সেই বোঝাপড়া আছে বলেই আমি আগে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই।

এসময় সাংবাদিকরা জোর করে বিরোধ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তিনি। নিজেকে সাংবাদিক প্রেমী দাবি করে অপু উকিল বলেন, শুধু নেগেটিভ নিউজই নিউজ না। আপনাদের উচিৎ আমাদের পজিটিভ নিউজ তুলে ধরা।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আমি শুনেছি। কী কারণে এমনটা হয়েছে এখনো জানি না, খোঁজ নিয়ে দেখবো।

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে এমন বিভাজন দৃশ্যমান হওয়াটা দলের জন্য নেতিবাচক ও বিব্রতকর কিনা জানতে চাইলে ক্ষমতাসীন দলের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সবকিছু তো ভালোভাবেই চলছে। আশা করি কোনো সমস্যা নেই। শেষপর্যন্ত কোনো সমস্যা থাকবে না।

এর আগে চলতি বছরের ৪ জানুয়ারি ঢাকা উত্তর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য সংগঠন থেকে অব্যাহতি দেন সভাপতি নাজমা আক্তার। বহিস্কারাদেশে কেবল সভাপতি স্বাক্ষর করেন, সাধারণ সম্পাদকের স্বাক্ষর সেখানে ছিল না।

পরবর্তীতে বহিস্কারাদেশ প্রত্যাহার না করলেও নিজেকে ঢাকা উত্তর যুব মহিলা লীগের সভাপতি দাবি করে সকল সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করছেন।

এ বিষয়ে প্রশ্ন করা হলে নাজমা আক্তার বলেন, সাবিনা আক্তার তুহিনকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী তিনি আর ঢাকা উত্তর যুব মহিলা লীগের সভাপতি নন।

নাম প্রকাশে অনিচ্ছুক যুব মহিলা লীগের এক নেত্রী বলেন, সংগঠনে চেইন অব কমান্ড বলে আর কিছু নেই। কেউ কারো কথা শুনতে চায় না। সভাপতি ও সাধারণ সম্পাদকের আলাদা অনুসারী গ্রুপ তো আছেই, এই বাইরেও উপগ্রুপ আছে। সম্মেলন করে নেতৃত্ব পরিবর্তন হলে অবস্থার উন্নতি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

যুব মহিলা লীগ সবচেয়ে বেশি সমালোচিত হয় পাপিয়া কাণ্ডে। নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদে থাকা অবস্থায় শামিমা নূর পাপিয়া বিদেশে পালিয়ে যাওয়ার সময় ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন। ধরা পড়ার পর তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। পাপিয়াসহ চারজনের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় অর্থপাচার ও জাল টাকা রাখার ঘটনায় একটি মামলা এবং শেরেবাংলা নগর থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা হয়। পাপিয়ার মত আরো অনেক নেত্রী এখনো যুব মহিলা লীগে থেকে নানা অপকর্মে লিপ্ত এমন অভিযোগ রয়েছে সংগঠনের ভেতর থেকেই। প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে তারা অপকর্ম করে যাচ্ছেন এবং বিপুল অবৈধ অর্থ-বিত্তের মালিক বনে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, সূচনা লগ্ন থেকেই দীর্ঘ ২০ বছর ধরে সংগঠনের নেতৃত্ব আঁকড়ে আছেন সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল। ২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন। ২০১৭ সালের ১১ মার্চ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো যুব মহিলা লীগের সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পান নাজমা আকতার ও অধ্যাপিকা অপু উকিল।

২০১৪ সালের ৫ মার্চ সংগঠনটির প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেই কাউন্সিলেও নাজমাকে সভাপতি ও অপুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ২০১৭ সালের ১১ মার্চ সম্মেলনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো যুব মহিলা লীগের সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পান নাজমা আকতার ও অধ্যাপিকা অপু উকিল। এই কমিটির মেয়াদও শেষ হয়েছে আরও দুই বছর আগে।