চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি ।।
বয়সের ভারে নুইয়ে পড়েছেন আফতাব শেখ। প্রায় ৮০ বছরের কোঠায় বয়স। এই বয়সে তাকে ঘরে বিশ্রামে থাকার কথা কিন্তু পেটের তাড়নায় কুড়াল নিয়ে ভোর হলেই ছুটতে হয় লোকের দ্বারে। কাঠ চিরে সংসার চালান তিনি। কখনো কাজ মেলে কখনো মেলে না।
নিজেকে একজন মুক্তিযোদ্ধা দাবি করে কষ্টের কথা জানালেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার চরডাকাতিয়া গ্রামের বাসিন্দা আফতার শেখ। তিনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান।
মঙ্গলবার সকালে চিতলমারী কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন রাস্তার পাশে কাঠ চেরাইকালে কথা হয় আফতার শেখের সঙ্গে। এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, কপাল মন্দ বলেই আমার এ অবস্থা। যাদের সঙ্গে যুদ্ধ করেছি তারা ভাতা পায় ঘর পায় আর আমি কাঠ চেরাই করে সংসার চালাই। একটু মাথা গোঁজার ঠাঁই নেই। নদীর পাড়ে খাস জায়গায় খুপড়ি ঘরে থাকি।
আফতারের ভাষ্য, ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলাম। ৯নং সেক্টরে মেজর জলিলের নেতৃত্বে ভারতে ট্রেনিং নিয়েছি। মেজর ওসমানের দেওয়া যুদ্ধের সময়কার কাগজপত্র হারিয়ে ফেলায় অনেক দপ্তরে ঘুরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাইনি। যুদ্ধের পরবর্তী সময়ে বাকশাল বাহিনীর ভয়ে ১০ বছর যাবৎ চট্রগ্রামে গিয়ে আত্মগোপনে থেকেছি। পরবর্তীতে এলাকায় এসে অনেকের কাছে ঘুরেও কোনো লাভ হয়নি। এখন কুড়ালই আমার একমাত্র সম্বল।
এ বিষয়ে চিতলমারী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. আবু তালেব শেখ জানান, আফতার শেখ ৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বলে জানি। তবে তার কাগজপত্র না থাকায় আজও স্বীকৃতি পাননি। এছাড়া তার সঙ্গে অনেকে প্রতারণা করেছেন বলেও অভিমত দেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা জানান, আফতার শেখ মুক্তিযোদ্ধা কিনা এ বিষয়ে তাকে কেউ কিছু জানাননি। তবে তার সঙ্গে যোগাযোগ করলে আশ্রয় কেন্দ্রে জায়গাসহ ঘর দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।











































