Home আন্তর্জাতিক রোদ্দুর রায় গ্রেপ্তার

রোদ্দুর রায় গ্রেপ্তার

10

খুলনাঞ্চল ডেস্ক।।
ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত-সমালোচিত ইউটিউবার রোদ্দুর রায়কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দেশটির গোয়া রাজ্য থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, সম্প্রতি ফেসবুক লাইভে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটূক্তি করেছিলেন রোদ্দুর। এরপরই তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়।

এদিকে, গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগেই ফেসবুকে এসে পোস্ট দেন রোদ্দূর। এই পোস্টে তিনি লেখেন, ‘কেস দাও মোরে…কেস দাও আরও…বন্ধ রাখিয়ো কারাগারে…কমেডির বিটে বাজিবেই ডিজে…’

উল্লেখ্য, মমতা ও অভিষেককে নিয়ে কটূক্তি করায় গত শনিবার তৃণমূলের মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে চিৎপুর থানায় অভিযোগ করেন ঋজু দত্ত।তার অভিযোগ ছিল, রোদ্দূর সাম্প্রতিককালে অনলাইনে মমতা ও অভিষেক সম্পর্কে কুরুচিকর ভাষা ব্যবহার করেছেন। পাশাপাশি আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার নগরপালসহ কলকাতা ও রাজ্য পুলিশ প্রশাসনকেও।

লিখিত অভিযোগের বিষয়ে রোদ্দুর রায় বলেছিলেন, ‘এফআইআর দায়ের হয়েছে, সেটা শুনেছি। এখনই কোনও প্রতিক্রিয়া দেব না।’