বিনোদন ডেস্ক।।
ছোট পর্দায় অভিনয় করে পেয়েছেন সফলতা, নাম লিখিয়েছেন সিনেমাতেও। ২০১৮ সালে ‘দেবী’ দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে, যে কাজের জন্য পেয়েছেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার। নানান সময় তিনি থাকেন আলোচনায়। বলছি অভিনেত্রী শবনম ফারিয়ার কথা। অভিনয় শিল্পী হয়েও এর পাশাপাশি তিনি হতে চান একজন সাংবাদিক।
ফারিয়া ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন। এখন তিনি ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে (আইইউবি) সাংবাদিকতা ও গণ যোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর করছেন।
এ প্রসঙ্গে শবনম ফারিয়া বাংলাভিশনকে বলেন, সাংবাদিকতা আমার ভালোবাসার একটা জায়গা। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সাংবাদিক হওয়ার। ইচ্ছে ছিল সাংবাদিকতার উপর পড়াশোনা করার। কিন্তু সেসময় পরিবার থেকে সমর্থন পাইনি। যেকারণে এখন সুযোগ পেয়ে সাংবাদিকতায় মাস্টার্স ডিগ্রিটা সম্পন্ন করছি।
ফারিয়া আরও জানান যে, পড়াশোনা নিয়ে ব্যস্ততার জন্য এখন তিনি অভিনয়ে কিছুটা অনিয়মিত হয়ে পড়েছেন। মাস্টার্স কোর্স শেষ হলে আবার তিনি অভিনয়ে নিয়মিত হবেন। আর সুযোগ পেলে করবেন সাংবাদিকতাও।











































