ঢাকা অফিস।।
ঝিনাইদহ পৌরসভায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল খালেকের প্রার্থীতা বাতিল করলেও আইনে না থাকায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে মন্তব্য করা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি)-তে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের সেই প্রার্থী মুজিবুল হক চৌধুরীর প্রার্থিতা বাতিল করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। আর তাই আপাতত এই ইউপির ভোট স্থগিত করে ওই প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনা দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
রবিবার (৫ জুন) বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানালেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।
তিনি বলেন, আমরা ঝিনাইদহে প্রার্থিতা বাতিল করেছি। কিন্তু এখানে আমরা সেটি পারিনি। আপনাদের মনে প্রশ্ন আশা স্বাভাবিক। সাধারণ জনগণের মনেও এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। উনি এতো গুরুত অপরাধ করলেন, তারপরও তার প্রার্থিতা বাতিল হলো না কেনো? এই ধরণের প্রশ্ন আসা খুবই স্বাভাবিক। আমরা উনার প্রতি কোনো রকম পক্ষপাতমূলক আচরণ করিনি। আইনে না থাকায় আমরা তার প্রার্থিতা বাতিল করতে পারিনি। মানে ইউনিয়ন পরিষদ নির্বাচনী বিধিমালায় যে আইন, সেখানে কেউ আচরণবিধি ভঙ্গ করলেও প্রার্থিতা বাতিলের কোনো ক্ষমতাই নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি। যেটা সিটি করপোশন নির্বাচন এবং পৌরসভা নির্বাচনের ম্যানুয়ালে দেওয়া আছে। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে কমিশনের হাতে প্রার্থিতা বাতিলের ক্ষমতা দেওয়া হয়নি। সেই কারণে আমরা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করেছি এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।
রবিবার (৫ জুন) উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনায় বলা হয়- ১৫ জুন অনুষ্ঠেয় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী ঘোষণা দেন যে, ভোটকেন্দ্রে ইভিএমের বাটন টিপতে না পারলে টিপে দেওয়ার জন্য নিজের লোক রাখবেন এবং ইভিএমকে যথেচ্ছভাবে ব্যবহার করে বিজয় ছিনিয়ে আনার হুমকি দিয়েছেন। একই সঙ্গে ইভিএম না থাকলে রাতেই সব ভোট নিয়ে ফেলতেন এমন বক্তব্য বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় এবং পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তদন্তে প্রমাণিত হয়।
এই কার্যক্রম ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এবং দন্ডবিধি অনুযায়ী অপরাধ। এই প্রেক্ষাপটে চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী-এর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরর (জি.আর. মামলা) জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
এই অবস্থায় ওই সিদ্ধান্ত অনুসারে মামলা দায়েরের লক্ষ্যে এজাহার দায়ের ও প্রাসঙ্গিক অন্যান্য ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
অন্য এক নির্দেশনায় বলা হয়- আগামী ১৫ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাধীন চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচনি তফসিল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এই অবস্থায় ওই সিদ্ধান্ত অনুসারে গণবিজ্ঞপ্তি জারিসহ পদ্ধতিগতভাবে কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সাতকানিয়ার এওচিয়া ইউপি ভোট স্থগিত: রবিবার (০৫ জুন) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আরেক নির্দেশরায় বলা হয়- আগামী ১৫ জুন অনুষ্ঠেয় চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাধীন এওচিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনি তফসিল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
এই অবস্থায় ওই সিদ্ধান্ত অনুসারে গণবিজ্ঞপ্তি জারিসহ পদ্ধতিগতভাবে কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ইসি কর্মকর্তারা জানান, এই ইউপিতে একজন চেয়ারম্যানন প্রার্থীর স্বাক্ষর জাল করে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার ঘটনায় ভোট স্থগিতের সিদ্ধান্ত দিয়েছে কমিশন।
এদিকে এরআগে নির্বাচনী অপরাধে জড়িত থাকায় সম্প্রতি ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করে ইসি। এছাড়াও নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করার অভিযোগ ওঠায় শরীয়তপুর-১ আসনের এমপি ইকবাল হাসান, ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকী এবং ঝিনাইদহ-১ মো. আব্দুল হাইয়কে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য নির্দেশনা দেয় কমিশন।











































