Home জাতীয় গ্যাটকো দুর্নীতি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

গ্যাটকো দুর্নীতি মামলা: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পেছাল

6

 

ঢাকা অফিস।।

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি ফের পিছিয়ে আগামী ১৭ জুলাই নির্ধারণ করেছেন আদালত। এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন রোববার এ দিন ঠিক করেন।

এ দিন মামলাটির অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ছিল। তবে অসুস্থ খালেদা জিয়া চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে থাকায় তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সময়ের আবেদন করেন। শুনানি শেষে নতুন সময় দেন আদালত।

এই মামলায় বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ১১ আসামি বর্তমানে জামিনে আছেন। অন্যরা অনুপস্থিত ছিলেন। তাদের আইনজীবীরা আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন জমা দেন।

এ নিয়ে গ্যাটকো দুর্নীতি মামলার শুনানি ৩৯ বার পেছাল। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) চার দলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছে। মামলার ২৪ আসামির মধ্যে আরাফাত রহমান কোকোসহ আটজনের এরই মধ্যে মৃত্যু হয়েছে।