Home খেলাধুলা মেসির প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত বেনজেমা

মেসির প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত বেনজেমা

16
MADRID, SPAIN - MARCH 09: Karim Benzema of Real Madrid competes for the ball with Leo Messi of Paris Saint-Germain during the UEFA Champions League Round Of Sixteen Leg Two match between Real Madrid and Paris Saint-Germain at Estadio Santiago Bernabeu on March 09, 2022 in Madrid, Spain. (Photo by Silvestre Szpylma/Quality Sport Images/Getty Images)

স্পোর্টস ডেস্ক।।

সদ্যসমাপ্ত মৌসুমে রিয়াল মাদ্রিদ জিতেছে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। দুই শিরোপা জয়ের পথে সবচেয়ে বড় অবদান রেখেছেন করিম বেনজেমা। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা এ ফরাসি যে এবার ব্যালন ডি’অর জিতছেন তা অনেকের মতেই নিশ্চিত। তবে একই কথা যখন সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি বলেন নিঃসন্দেহে তার গুরুত্ব থাকে আলাদা। বেনজেমার দল রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ শিবিরের সাবেক তারকা মেসি এবার ব্যালন ডি’অরের প্রতিযোগিতায় বেনজেমার কোনো প্রতিদ্বন্দ্বীই দেখেন না। কিংবদন্তির কাছ থেকে পাওয়া এমন প্রশংসাও আগামীতে আরও ভালো করার প্রেরণা পাচ্ছেন ফরাসি ফরোয়ার্ড।

করিম বেনজেমা শেষ হয়ে যাওয়া মৌসুমে ক্লাবের হয়ে ৪৬ ম্যাচে করেছেন ৪৪ গোল। লা লিগা সর্বোচ্চ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। চ্যাম্পিয়ন্স লিগেও হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দল ফ্রান্সের হয়েও জিতেছেন উয়েফা নেশন্স লিগ। বৃহস্পতি তুঙ্গে থাকা ৩৪ বছর বয়সী ফরাসির এমন পারফরম্যান্সে মুগ্ধ ফুটবলবিশ্ব। এবারের ব্যালন ডি’অর তাই তার হাতেই দেখেছেন প্রায় সবাই।

‘লা ফিনালিসিমা’র আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বেনজেমার প্রশংসা করেছেন লিওনেল মেসিও। বার্সেলোনায় থাকতে নিয়মিত বেনজেমার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামলেও বেনজেমার জন্য সবসময়ই প্রশংসা বরাদ্দ ছিল মেসির কণ্ঠে। এখনকার মতো অবশ্য খুল্লামখুল্লা বক্তব্য তখন দেওয়ার উপায় ছিল না। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ঐতিহাসিক শত্রুতার মাঝে প্রকাশ্যে প্রশংসা করার আশা করাটাই অবশ্য বেশি বেশি।

 

রিয়ালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরারের বিষয়ে মেসি জানান, দুর্দান্ত একটি মৌসুমের পর এই খেতাবের একমাত্র দাবিদার বেনজেমা।

ডেনমার্কের বিপক্ষে হার দিয়ে নেশন্স কাপ শুরু করলেও ফ্রান্সের হয়ে উজ্জ্বল ছিলেন বেনজেমা। এদিন ম্যাচের প্রথম গোলটি করেছিলেন তিনিই। ডেনমার্কের বিপক্ষে ম্যাচ শেষে বেনজেমা কথা বলেন মেসির মন্তব্য নিয়েও। মেসির মতো কিংবদন্তির প্রশংসা পেয়ে এই ফরাসি উচ্ছ্বসিত। তার মন্তব্য যে ভবিষ্যতে আরও ভালো করতে অনুপ্রেরণা জোগাবে তাও জানালেন।

বেনজেমা বলেন, ‘আমি মেসির মন্তব্য শুনেছি এবং তার কথা আমাকে খুব আনন্দ দিয়েছে। তার মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে খুব ভালো লাগছে। এটা আমাকে আরও অনেক কিছু অর্জন করার জন্য অনুপ্রেরণা দেবে।’

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের দেখা হয়েছিল মেসির পিএসজির সঙ্গে। সে লড়াইয়ে হ্যাটট্রিক করে নায়ক বনে যান বেনজেমা। এরপর কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষেও হ্যাটট্রিক করেন। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারাতেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ফাইনালে লিভারপুলের বিপক্ষে অবশ্য গোল পাননি এই ফরাসি। তা স্বত্বেও তিনিই নির্বাচিত হন চ্যাম্পিয়ন্স লিগের এই আসরের সেরা খেলোয়াড়।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে ১৫টি গোল করেছেন বেনজেমা যার ১০টিই নকআউট পর্বে।