ঢাকা অফিস।।
প্রথম ধাপে ২০ মে থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার দ্বিতীয় ও তৃতীয় ধাপের কাজ শুরু করতে চায় কমিশন। এই জন্য মাঠপর্যায়ে মতামত চেয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
এই বিষয়ে জানতে চাইলে ইসির সহকারি সচিব মো. মোশাররফ হোসেন বাংলাভিশনকে বলেন, আমরা তালিকা করে মাঠপর্যায়ে পাঠিয়েছি। সেখান থেকে কিছু উপজেলার তারিখ আগাতে বা পিছাতে পারে।
ইসি মাঠপর্যায়ে যে তালিকা পাঠিয়েছে সেখানে দেখা যায়, দ্বিতীয় ধাপে দেশের ১৩৯ উপজেলায় এবং তৃতীয় ধাপে ১৪১ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করতে চায় কমিশন।
ইসি সূত্র জানায়, ভোটার তালিকা হালনাগাদের সময়ও নতুন ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করা যাবে।
তারা জানান, ভোটার তালিকা হালনাগাদের সময় বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার ও যারা মারা গেছেন তাদের নাম ভোটার তালিকা থেকে কর্তনের জন্য তথ্য সংগ্রহ করা হবে। আর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন ও স্থানান্তরের আবেদন সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে করতে হবে।
যারা অনলাইনে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করবেন তারা অনলাইন কপি প্রিন্ট করে অন্যান্য ডকুমেন্টসসহ সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে গিয়ে বাকি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলেও জানান তিনি।
এই বছর ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণ করা নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহ করা ১৮ বছরের কম বয়সীরা পরবর্তীতে বয়স বয়স পূর্ণ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হয়ে যাবেন।
২০০৭-২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা কার্যক্রম হাতে নেয় ইসি। সেই সময় ৯ কোটি ভোটারের ডাটাবেজ তৈরি করা হয়। ইসির সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন ভোটার রয়েছে। এরমধ্যে ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন পুরুষ, ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন নারী ভোটার এবং ৪৫৪ জন হিজড়া ভোটার রয়েছে।
প্রথম থেকে এনআইডি হারানো ও সংশোধন সংক্রান্ত সেবা বিনামূল্যে দিলেও ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ফি নেওয়া শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।











































