Home জাতীয় পরিবেশ টিকিয়ে রাখা ব্যাঙ অস্তিত্ব রক্ষায় পালিয়ে বেড়াচ্ছে

পরিবেশ টিকিয়ে রাখা ব্যাঙ অস্তিত্ব রক্ষায় পালিয়ে বেড়াচ্ছে

16

সমুদ্র হক ॥
বিশ্বে পরিবেশ টিকিয়ে রাখা উভচর প্রাণী ব্যাঙও ঠাহর করতে পারে না প্রকৃতির মতিগতি। জলবায়ু পরিবর্তনের ধাক্কা ব্যাঙকে সামলাতে হচ্ছে। শিকারির থাবা থেকে রক্ষা পেতে লুকোতে হচ্ছে। হেড়ে গলায় ঘ্যাঙর ঘ্যাঙর সুর তোলা হলুদ বরণ গায়ক দলের কণ্ঠ রুদ্ধ। বৃষ্টি ভেজা রাতে জলাশয়ে এমন সুর শোনা যায় না। অন্তরা চৌধুরীর কণ্ঠে ‘ও কোলা ব্যাঙ ও সোনা ব্যাঙ’ গানের একাংশে আছে- সম্মেলনে গাইবেন খাঁ সাহেব কোলা ব্যাঙ সঙ্গতে সঙ্গত দেবেন পণ্ডিত সোনা ব্যাঙ….” এই পণ্ডিত ব্যাঙ লুকিয়ে বেড়াচ্ছে। চলতি বছর পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’। প্রকৃতির এই ঐকতানে ব্যাঙ জীববৈচিত্র্যের বড় অংশ।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রক্ত করবী নাটকের একটি চরিত্রে ব্যাঙকে টেনে এনেছেন। ব্যাঙ কিভাবে পৃথিবীর পরিবেশ টিকিয়ে রাখে সেই বর্ণনা আছে নাটকে। নন্দিনীর এক প্রশ্নের উত্তরে নেপথ্যে ভেসে আসে কণ্ঠ। ‘এটা একটি ব্যাঙ। একদিন পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল। সেখানেই টিকে ছিল তিন হাজার বছর। কিভাবে টিকে থাকতে হয় ব্যাঙ তা জানে। বাঁচা ও অস্তিত্ব রক্ষায় পাথরের আড়াল থেকে মুক্ত করা হয় ব্যাঙকে।’ রবীন্দ্রনাথ রক্ত করবী নাটকে মানব জতিকে প্রকৃতির মধ্য থেকেই বাঁচতে শিখিয়েছেন। মানব হৃদয়ের গভীরের আনন্দকে ব্যাঙের ডাকের সঙ্গেই তুলনা করেছেন ব্রিটিশ কবি আরথার সায়মন্স তার ‘দ্য এ্যাকসটেসি’ (পরমানন্দ) কবিতায়। তিনিও একই অনুভবতা এনেছেন ব্যাঙকে নিয়ে।

এখন গ্রামে ব্যাঙের দেখা মেলে কম। শহর ও নগরীতে ব্যাঙের প্রবেশ বুঝি নিষেধ। একটা সময় মানুষের ঘরে মেটে রঙের ডোরাকাটা ব্যাঙ ঢুকে পড়ত। গ্রামে আদুরে ডাকে বলা হতো সোনা ব্যাঙ। সেই ব্যাঙ কালেভদ্রে কোন ফুল গাছের টবে পাতার আড়ালে রক্ত করবীর সেই ব্যাঙের মতো আশ্রয় নেয়। বাসা বাড়ির ছাদের এমন টব বাগানে ব্যাঙের ভয় নেই। তবে ঘরের বাইরে ঝাউবনে জলাশয়ে ও পুকুর পাড়ে নিরাপদ নয়। ছোট্ট এই প্রাণী বধ শুরু হয়েছে অনেক আগে। ব্যাঙ রেঁধে নানা উপাদেয় খাবার বানিয়ে পরিবেশন করা হয় তারকাখচিত ও বড় হোটেলে। যেখানে কাঁকড়াও বধ হয়ে আসে ব্যাঙের সঙ্গে।

ইন্টারনেট তথ্যে : সকল দেশেই এই এ্যাম্ফি প্রাণী (ব্যাঙ) বিপন্ন। বিশ্বে ব্যাঙের প্রায় সাড়ে ৫ হাজার প্রজাতির মধ্যে দু শ’রও বেশি বিলুপ্ত হয়েছে। বেশি বিলুপ্ত হয়েছে দক্ষিণ এশিয়ায়। ব্রিটিশ পরিবেশবিদগণ আশঙ্কা করছেন আগামী বিশ বছরের মধ্যে অন্তত দুই হাজার প্রজাতির ব্যাঙ পৃথিবী থেকে হারিয়ে যাবে। উভচর এই প্রাণী রক্ষায় বছর দশেক আগে ব্রিটেনে একদল গবেষক ব্যাঙ শুমারি করেছিলেন। কত ব্যাঙ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে আছে সেই হিসাব বের করতে গিয়ে হিমশিম খেয়ে এক পর্যায়ে ব্যর্থ হয়ে শুমারি বন্ধ করে দেন। গবেষকদের প্রধান লিন্ডা বলেছিলেন, উভচর প্রাণিকুলে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে ব্যাঙ। একদিকে দুই ধরনের ভাইরাসের কারণে বহু ব্যাঙ মারা যাচ্ছে। আরেক দিকে ব্যাঙ চলে যাচ্ছে মানুষের খাবারের টেবিলে। জীবিত অনেক ব্যাঙের বংশ বিস্তার ঘটছে না।

যে প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই প্রজাতি রক্ষার কোন উদ্যোগ নেই। আরেক দল গবেষক বলেন, ধরণী উষ্ণ হওয়ায় ব্যাঙ এক ধরনের ভাইরাসে আক্রান্ত হচ্ছে যা মহামারী হয়ে বিস্তার ঘটছে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে। এই ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে উপমহাদেশের ব্যাঙ। উপমহাদেশে ব্যাঙ নিধন হচ্ছে সবচেয়ে বেশি। যার মধ্যে বাংলাদেশেও আছে। এক শ্রেণীর ব্যাঙ চোরাচালানি চক্র দেশের সকল অঞ্চল হতে ব্যাঙ সংগ্রহ করে পাচার করে দিচ্ছে। কখনও ব্যাঙ যাচ্ছে চিংড়ির ছদ্মাবরণে। দেশে কত প্রজাতির ব্যাঙ আছে তার হিসাব মেলে না। এক সূত্রের মতে এই সংখ্যা ৪০।

আগে গ্রামের জলাশয়ের ধারে ঝাউবনে অনেক ধরনের ব্যাঙ দেখা যেত। শহরের পুকুরের ধারেও ব্যাঙের ডাক শোনা যেত বৃষ্টি ও বর্ষার রাতে। কোন মৌসুমে বৃষ্টি না হলে গ্রামের লোক এক জোড়া ব্যাঙ (নারী ও পুরুষ) ধরে এনে প্রতীকী বিয়ে পড়িয়ে দিত (এই কুসংস্কার লোকজনের মনে পৌরাণিক উপাখ্যান)। আজও গ্রামে এমন রীতি চালু আছে। কালেভদ্রে ব্যাঙের ডাক শোনা গেলে কারও মনে হতে পারে পরিবেশ ও অস্তিত্ব রক্ষায় ব্যাঙেরা দল বেঁধে এমন স্লোগান দিচ্ছে। ওরা তো মানব বন্ধনের মতো ব্যাঙ বন্ধন, ব্যাঙের মিছিল করতে পারে না। আর করবে কি করে। একত্রিত হলে যদি ভাল মানুষের ছদ্মাবরণে কোন শিকারি মুখোশ উন্মোচন করে নিষ্ঠুর হয়ে বধ করে। ব্যাঙেরা গ্রামের জলাশয়ে ডুব সাঁতারেও ভীত। দুরন্ত কিশোর ব্যাঙের দিকে ঢিল ছুড়ে খেলে। ব্যাঙ বলতে পারে না- যা তোমাদের আনন্দের খেলা তা আমাদের মৃত্যু বেদনা। শিকারিদের বলতে পারে না : আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করি। আমাদের মেরো না। ব্যাঙ রক্ষা করার দায়িত্ব কার : এমন প্রশ্নে পরিবেশ অধিদফতরের কথা ব্যাঙ মৎস্য প্রজাতির সুতরাং রক্ষা করবে মৎস্য বিভাগ। মৎস্য বিভাগের কথা ব্যাঙ জল ও স্থল উভয়ের প্রাণী। সুতরাং ব্যাঙ রক্ষার দায়িত্ব বন বিভাগের। বন বিভাগের কথা : ঠিকই আছে পরিবেশ রক্ষার বিষয় হলে তা দেখবে পরিবেশ অধিদফতর। সম্রাট আলেকজান্ডার ভ্রমণে কোন অসঙ্গতি দেখলে সেনাপতি সেলুকাসকে বলতেন : সত্যই সেলুকাস কি বিচিত্র এই দেশ।