ঢাকা অফিস।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র কর্তৃক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে কর্তব্যরত নার্সকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
শনিবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নার্স।
অভিযুক্ত মামুনুর রশিদ প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের (৪৬তম ব্যাচ) শিক্ষার্থী ও শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র।
অভিযোগ পত্রে বলা হয়, আজ শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মামুনকে ইনজেকশন দেওয়ার সময় সে আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় আমি চিৎকার করলে আমার সহকর্মীরা ডিউটি রুমে এসে উপস্থিত হয়। উক্ত ছাত্র তখন সরে দাঁড়ায়। এ ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত। আমার ওপর সংঘটিত এই যৌন হয়রানির সুষ্ঠু বিচার কামনা করছি।
এদিকে এ ঘটনার সত্যতা স্বীকার করে মামুনুর গণমাধ্যমকে বলেন, আমি ইনজেকশন নেওয়ার সময় নার্সের গায়ে হাত দেই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগটি সত্য। তবে অভিযুক্ত শিক্ষার্থীর বিভাগের শিক্ষকদের দাবি, মামুনুর রশীদ দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছেন।
এ বিষয়ে প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহবুবুল মোর্শেদ বলেন, ছেলেটি বেশ শান্তশিষ্ট বলেই জানি। তবে আমরা যতদূর জানি সে মানসিকভাবে অসুস্থ। আমরা তার পরিবারকে বিষয়টি জানিয়েছি। পরিবারের লোকজন ক্যাম্পাসে আসছেন। আমরা পরিবারের সঙ্গে কথা বলে তার চিকিৎসার ব্যবস্থা করব।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, এ ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটা দ্রুতই বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে ফরওয়ার্ড করা হবে। সেল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।











































