ঢাকা অফিস।।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন অন্য পাঁচটি দল ও সংগঠনের সঙ্গে মিলে ‘গণতন্ত্র মঞ্চ’ নামে নতুন রাজনৈতিক মঞ্চ গঠন প্রক্রিয়া চলছে। গত রোববার জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের রাজধানীর উত্তরার বাসভবনে এই সাত দল–সংগঠনের নেতারা বৈঠক করেন। সভায় বর্তমান ফ্যাসিবাদী দুঃশাসন মোকাবিলায় গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক ভিত্তি ও কর্মসূচিগুলো চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জুনেই এই মোর্চার আনুষ্ঠানিক ঘোষণা দিতে চান নেতারা।
আগামী নির্বাচন সামনে রেখে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে বিভিন্ন দলের সঙ্গে বিএনপির চলমান সংলাপ শুরুর কয়েক মাস আগে থেকেই এই ‘গণতন্ত্র মঞ্চ’ গড়ে তোলার উদ্যোগ চলে আসছিল। এ প্রক্রিয়ায় যুক্ত সাতটি দল হচ্ছে আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য, সাইফুল হকের নেতৃত্বাধীন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বাধীন ভাসানী অনুসারী পরিষদ, ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ এবং হাসনাত কাইয়ুমের নেতৃত্বাধীন রাষ্ট্র সংস্কার আন্দোলন।
সাত দলের এই মঞ্চ গঠনের মূল উদ্যোক্তাদের মধ্যে জেএসডি ও নাগরিক ঐক্য একাদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের শরিক হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিল। নবগঠিত গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ওই সময় গণফোরামের নেতা হিসেবে নির্বাচনে অংশ নেন। অন্যদিকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন ‘গণতন্ত্র মঞ্চ’ নামে নতুন জোটে যুক্ত হওয়ায় এ নিয়ে মতবিরোধের কারণে বাম গণতান্ত্রিক জোট থেকে এ দুই দলের সদস্যপদ স্থগিত করা হয়েছে।
ছোট দলের নেতারা বলছেন, আগামী নির্বাচনে সুবিধা পাওয়া কিংবা বড় দলগুলোকে চাপে ফেলে নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য নয়; দেশের ক্রান্তিলগ্নে সব দলকে নিয়ে সরকার পতনের আন্দোলনের জন্য তাঁরা ঐক্যবদ্ধ হয়েছেন। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, কারও কাছ থেকে কোনো সুবিধা আদায় করতে নয়, বরং দেশ রক্ষায় এই সরকারকে বিদায় জানানোর লক্ষ্যেই তাঁরা একটা জায়গায় আসার চেষ্টা করছেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও বিভিন্ন দল বিভিন্ন জোটে যুগপৎ আন্দোলন করেছে। সেটা ভিন্ন ভিন্ন নামেও হতে পারে। এখানে সরকারবিরোধী সব রাজনৈতিক দল একটি বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন- এই সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা যাবে না। এর সঙ্গে বড় দলগুলোর কাছ থেকে সুবিধা আদায়ের কোনো প্রশ্নই নেই।











































