Home জাতীয় মেহেরপুরে লিচুর ফলনে বিপর্যয়, লোকসানের আশঙ্কা

মেহেরপুরে লিচুর ফলনে বিপর্যয়, লোকসানের আশঙ্কা

10

মেহেরপুর প্রতিনিধি ।।
বৈবী আবহাওয়ার কারণে এ বছর ফলন বিপর্যয়ের মুখে পড়েছেন মেহেরপুরের লিচু চাষিরা। মৌসুমের শুরুতে দাবদাহ ও পরে কালবৈশাখী ঝড়ের কারণে অনেক লিচু ফেটে ও ঝরে গেছে। ফলে, লোকসানের মুখে পড়ছেন চাষি ও ব্যবসায়ীরা।

কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, মেহেরপুর জেলায় লিচুবাগান আছে প্রায় ৬৩০ হেক্টর জমিতে। চাষ হয়েছে বোম্বাই, চায়না থ্রিসহ বিভিন্ন জাতের লিচু। এর মধ্যে আগেভাগেই নামানো হচ্ছে আটি ও মোজাফ্ফরি জাতের লিচু।

আম ও লিচুর জেলা মেহেরপুর। আম-কাঁঠালের পাশাপাশি মেহেরপুরের লিচু সুস্বাদু। চাহিদাও ভালো। ভৌগোলিক কারণে মেহেরপুরের লিচু অন্য জেলার আগেই বাজারজাত করা হয়। দাম ভালো পাওয়ায় এ জেলায় ব্যাপক হারে বাড়ছে লিচু চাষ। কিন্তু এ বছর প্রাকৃতিক বৈরিতার কারণে লিচু চাষিরা আছেন বিপাকে।

মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের চাষি রমিজ জানিয়েছেন, লিচুর গাছগুলোতে মুকুল এসেছিল ভালো। কিন্তু, মৌসুমের প্রথম দিকে দাবদাহ এবং পরে কালবৈশাখী ঝড় ও শীলাবৃষ্টিতে নষ্ট হয়েছে অনেক লিচু। অনেক লিচু শুকিয়ে গেছে। অনেকগুলোতে বিভিন্ন ধরনের দাগ পড়েছে এবং ফেটে যাচ্ছে। ঝড়ে অনেক লিচুগাছ ভেঙেও পড়েছে। দাগযুক্ত লিচু বাজারে বিক্রি করতে গিয়ে খরিদ্দার পাচ্ছেন না চাষিরা।

লিচু চাষিরা জানিয়েছেন, ৫০ ভাগ লিচু নষ্ট হয়ে গেছে। বাকিগুলো বিক্রি করে খরচ উঠবে না। গত বছরের তুলনায় এবার গাছগুলোতে অর্ধেক লিচুও ধরেনি। বাজারে দাম ভালো থাকলেও ফলন কম হওয়ায় লোকসানের আশঙ্কা তাদের।

আমঝুপি গ্রামের সাখারত আলী বলেছেন, ‘গতবারের তুলনায় এ বছর গাছে অনেক কম পরিমাণে লিচু আছে। শুরুর দিকে অনেক মুকুল আসলেও অতিরিক্ত খরা ও পরবর্তী সময়ে ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে লিচুর। এ বছর লিচুতে আমাদের লোকসান গুনতে হবে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে লিচু চাষ করি। অর্ধশতাধিক লিচু গাছ আছে আমার। এ বছর গাছে যে পরিমাণ মুকুল এসেছিল, তাতে লিচুর ফলন ভালো হবে বলে মনে করেছিলাম। কিন্তু, বৈরী আবহাওয়ায় মুকুল পুড়ে গেছে। অসময়ে বৃষ্টি ও প্রচুর রোদের তাপে লিচুর গুটি ঝরে গেছে।’

আরেক চাষি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমার চারটি লিচুবাগান আছে। সব বাগান মিলে প্রায় ২০০টি লিচুগাছ আছে। এসব গাছের পরিচর্যা আমি নিজেই করি। আমাদের গ্রামে প্রায় ১৫০ বিঘার বেশি লিচুবাগান আছে। এ বছর প্রতি বাগানে ২-৩ লাখ টাকা করে লোকসান গুনতে হবে।’

মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন পারভিন জানিয়েছেন, শুধু মেহেরপুর সদর উপজেলায় ৩০০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। গাছে লিচুর মুকুল এসেছিল ভালো। কিন্তু, দাবদাহের পাশাপাশি ঘন ঘন ঝড় ও শীলাবৃষ্টিতে নষ্ট হয়েছে লিচু। কৃষি বিভাগ চাষিদের এ বিপর্যয় মোকাবিলায় বিভিন্ন পরামর্শ দিচ্ছে।