ঢাকা অফিস।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে পলাতক ঘোষণা করেছেন আপিল বিভাগ। ২০০৮ সালে আদালতে আত্মসমর্পণ না করে কিভাবে হাইকোর্ট এ মামলা শুনলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন আপিল বিভাগ। রায়ে, জোবায়দার মামলা শুনে হাইকোর্ট সংবিধান লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন আপিল বিভাগ।
বুধবার (১ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ জোবায়দার দুর্নীতি মামলার ১৬ পাতার রায় প্রকাশ করেন।
পলাতক আসামি দুর্নীতি মামলায় হাইকোর্টে কোনো আবেদন করতে পারবে না উল্লেখ করে আপিল বিভাগ বলেন, ২০০৮ সাল থেকেই পলাতক হিসেবে গণ্য হবেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা। হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের মধ্যে জোবায়দার আত্মসমর্পণের আদেশ বাতিল করেন আপিল বিভাগ।
জোবায়দা রহমানকে পলাতক ঘোষণা করে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বলেন, শত বছরের নজির ভেঙে জোবায়দার মামলা গ্রহণ করেছিলেন হাইকোর্ট, যা অবৈধ এবং সংবিধান লঙ্ঘন। সংবিধানের ২৭ অনুচ্ছেদের ব্যাখ্যা দিয়ে আপিল বিভাগ বলেন, আইনের দৃষ্টিতে সবাইকে সমান বলা হলেও জোবায়দা রহমানকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছিল।











































