Home স্বাস্থ্য আট থেকে আশি সবার জন্য চাই দুধ

আট থেকে আশি সবার জন্য চাই দুধ

25

মিলি রহমান।।
দুধ অনেকের পছন্দের খাবার, আবার অনেকে একদমই সহ্য করতে পারেন না। তবে দুধ খেতে পছন্দ হোক বা না হোক, ‘দুধ না খেলে হবে না ভালো ছেলে’ চন্দ্রবিন্দু ব্যান্ডের এই গান শোনেনি এমন মানুষ পাওয়া কঠিন। তা-ও যদি শুনে না থাকেন, তাহলে অন্তত ‘দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি’–এই প্রবাদ বাক্যটি সবাই শুনেছেন। আমাদের দৈনন্দিন জীবনে দুধ অতি প্রয়োজনীয় একটি খাদ্য, যা নিয়ে রয়েছে প্রবাদ প্রবচন, গান, কবিতা ও আরও অনেক কিছু। কেননা, খাদ্যতালিকার মধ্যে প্রধান এ খাদ্য আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী।
দুধ থেকে প্রায় সব ধরনের পুষ্টি উপাদানই পাওয়া সম্ভব। আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য যে ক্যালসিয়াম প্রয়োজন, তার বেশির ভাগই আসে দুধ থেকে। এ জন্য চলাফেরায় দুধের ভূমিকা অনন্য। তাই আট থেকে আশি–সব বয়সের মানুষের জন্য চাই দুধ।

দুধের এই প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিতেই ২০০১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে ঘোষণা করে। সে হিসাবে আজ বুধবার (১ জুন) বিশ্ব দুগ্ধ দিবস। প্রতিবছরের মতো এ বছরও একটি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘পরিবেশ, পুষ্টি ও আর্থসামাজিক ক্ষমতায়নের সঙ্গে টেকসই ডেইরি খাত।’

বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং দৈনন্দিন খাদ্য গ্রহণে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য অন্তর্ভুক্তকরণে উৎসাহিত করতেই প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি উদ্যাপিত হয়ে আসছে।

দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে প্রতিবছরই প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তায় প্রাণিসম্পদ অধিদফতর বেশ কিছু পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনা করে থাকেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, একজন মানুষকে গড়ে দৈনিক ২৫০ মিলিলিটার দুধ পান করতে হয়। প্রাণিসম্পদ অধিদফতরের হিসাব অনুযায়ী, গত এক দশকে দেশে দুধের উৎপাদন বেড়েছে চার গুণের বেশি।

প্রতিষ্ঠানটির হিসাব বলছে, দেশে বার্ষিক দুধের চাহিদা ১৫৩ লাখ মেট্রিক টনের বেশি। উৎপাদন হয় ১১৯ লাখ মেট্রিক টনের বেশি পরিমাণ দুধ, যা প্রয়োজনের তুলনায় কম।
তাই বিশ্ব দুগ্ধ দিবসে দুধের উৎপাদন বৃদ্ধি ও এর যথাযথ চাহিদা পূরণে আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত। তাহলেই দুধের মতো অতি প্রয়োজনীয় ও উপকারী খাবার আমরা সঠিকভাবে পেতে পারি।