গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩১ মে) বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, আওয়ামী লীগের উপদষ্টো মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক কর্নেল তৌহিদা নওয়াজেশ রোজি, প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ, শেখ জুয়েলের সহধর্মীনি শাহানা ইয়াসমিন শম্পা, শেখ ফারহান নাসের তন্ময়, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক , সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বেলা ১২ টা ১৭ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পৌঁছান। এদিন জোহর বাদ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে তিনি যোগ দেন। পরে বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।








































