Home জাতীয় স্টেশনে তরুণী হেনস্তার ঘটনায় অভিযুক্ত নারী ৩ দিনের রিমান্ডে

স্টেশনে তরুণী হেনস্তার ঘটনায় অভিযুক্ত নারী ৩ দিনের রিমান্ডে

12

ঢাকা অফিস।।

নরসিংদী রেল স্টেশনে পোশাকের দোহাই দিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার মার্জিয়া আক্তারের (৬০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ মে) সন্ধ্যায় নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার মার্জিয়া আক্তার নরসিংদী সদর উপজেলা মোড় এলাকার বাসিন্দা। পেশায় ঘটক এই নারী শিলা, শায়লাসহ একাধিক নামে পরিচিত।

গতকাল রবিবার (২৯ মে) রাতে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। পরে সোমবার বিকেলে রেলওয়ে পুলিশের হাতে তুলে দেয়ার পর রেলওয়ে পুলিশ তাকে আদালতে নিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, গ্রেপ্তার মার্জিয়া আক্তার রেলওয়ে পুলিশের করা মামলায় দুই নম্বর আসামি। আমরা পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৮ মে ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনে আধুনিক পোশাক পরা এক তরুণী দুই বন্ধুকে নিয়ে ঘুরতে এসে স্থানীয় মাঝবয়সী এক নারী ও কয়েকজন বখাটের হাতে হেনস্তার শিকার হন। এ ঘটনায় ভৈরব রেলওয়ে পুলিশ ফাঁড়িতে পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।