কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ।।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামে সুলতান মাহামুদ মিনি নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এমন ঘটনা ঘটে। আহত সুলতান মাহামুদ মিনি উপজেলার পুকুরিয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
আহত সুলতান মাহামুদ মিনি জানান, বৃহস্পতিবার বিকালে রফিকুল ইসলাম নামে এক বন্ধুর বাগানে দুটি মোটরসাইকেলে ৪ জন লিচু খেতে যান। এ সময় একটি মোটরসাইকেলে কালীগঞ্জ থানার ওসি তদন্ত নজরুল ইসলাম ও আরও এক পুলিশ সদস্য ছিলেন। লিচু খেয়ে ফিরে আসার পথে কয়েকজন যুবক তার মোটরসাইকেল গতিরোধ করে। পরে তাকে ডান পায়ে কুপিয়ে জখম করে ও দুটি হাত পিটিয়ে ভেঙে দেয়।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে যশোরে রেফার্ড করে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, বিকালে বড় শিমলা গ্রাম থেকে লিচু খেয়ে ফেরার পথে কয়েকজন সুলতান মাহামুদ মিনির মোটরসাইকেল গতিরোধ করে মারপিট করতে থাকে। এরপর তিনি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিচয় দিলে হামলাকারীরা পালিয়ে যায়।











































