Home আঞ্চলিক ৬৫ দিনে বঙ্গোপসাগরে সকল প্রকার মাছ আহরণ বন্ধে কোস্ট গার্ডের অভিযান

৬৫ দিনে বঙ্গোপসাগরে সকল প্রকার মাছ আহরণ বন্ধে কোস্ট গার্ডের অভিযান

14

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলে প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ ও চিংড়ির নিরাপদ পরিবেশ সৃষ্টি, সমুদ্রে মাছের মজুদ বৃদ্ধি, সংরক্ষণ, সুষ্ঠু ও বিজ্ঞানসম্মত উপায়ে মৎস্য আহরণ নিশ্চিতে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস্য আরহণ নিষিদ্ধ করা হয়েছে। এ কার্যক্রম সফল করতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোংলার সুন্দরবন ও সমুদ্র উপকূলে কাজ করছে কোস্ট গার্ড। চলতি এ প্রজনন মৌসুমে সুন্দরবন ও বঙ্গোপসাগরে সকল প্রকার মৎস্য আহরণ বন্ধে নিয়মিত প্রতিরোধমুলক অভিযান চালাচ্ছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন। সোমবার (২৩ মে) সকাল থেকে এ অভিযান শুরু করেছে কোস্ট গার্ড কর্মকর্তা ও সদস্যরা।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেন বলেন, বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলের মৎস্য সম্পদ রক্ষার এ কার্যক্রম সফল করতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে কাজ করছেন তারা। তিনি আরও বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে ব্লু ইকোনমিকে গুরুত্ব দিয়ে মৎস্য সম্পদ সংরক্ষণে অধিকতর গুরুত্ব দিয়ে আসছেন। এ লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন কোস্ট গার্ড। এছাড়া কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা ও ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্টগার্ডের জিরো ট্লারেম্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন বলেও জানান তিনি।