খবর বিজ্ঞপ্তি।।
জলবায়ু অভিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে আজ সোমবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে প্রকল্পভুক্ত পরিবারসমূহের মাঝে ব্যবসা সহায়তা উপকরণ ও সার্টিফিকেট বিতরণ করা হয়। কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উপকারভোগীদের মাঝে ব্যবসা সহায়তা উপকরণ ও সার্টিফিকেট বিতরণ করেন। খুলনা সিটি কর্পোরেশন ও শহর সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
জার্মান উন্নয়ন সংস্থা (জিআইজেড) কর্তৃক নগরীতে বাস্তবায়িত ‘‘আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (ইউএমআইএমসিসি)/আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড (ইউএমএমএল) প্রকল্পের আওতায় এ সহযোগিতা প্রদান করা হয়। ইউরোপীয়ান ইউনিয়ন ও জার্মান সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। উল্লেখ্য, খুলনা ছাড়াও রাজশাহী, বরিশাল, সাতক্ষীরা ও সিরাজগঞ্জ জেলা শহরেও প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। স্থায়ী বা অস্থায়ীভাবে বসতবাড়ি ত্যাগ করে শহরাঞ্চলে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারসমূহ প্রকল্পটির সুবিধাভোগী হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধান অতিথির বক্তৃতায় ভারপ্রাপ্ত মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনকে দেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে ইতোমধ্যে অভ্যন্তরীণ অভিবাসনে আংশিকভাবে হলেও বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে। উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্থ মানুষ শহরের দিকে ধাবিত হচ্ছে এবং মানবেতর জীবন যাপন করছে। ক্ষতিগ্রস্থ এ সকল পরিবারের সদস্যদের সাবলম্বী করে তুলতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন ।
যোগ্যতাভিক্তিক প্রশিক্ষণ প্রদান, প্রকল্পভুক্ত অতিদরিদ্র মানুষ এবং জলবায়ু অভিবাসীদের উদ্যোক্তা প্রশিক্ষণে প্রশিক্ষিত করা, প্রশিক্ষণ থেকে উত্তীর্ণদের বেতনভিক্তিক চাকুরির ব্যবস্থা অথবা উদ্দোক্তাদের আত্মকর্মসংস্থানের জন্য সহায়তা করা এবং প্রশিক্ষণ সুবিধাভোগীদের উপার্জন দারিদ্র সীমার ওপরে উঠানোই প্রকল্পটির মূল লক্ষ্য।
বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর-খুলনার পরিচালক মো: আব্দুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন। অন্যান্যের মধ্যে কেসিসি’র কাউন্সিলর মো: মনিরুজ্জামান, সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার ও কনিকা সাহা, জর্মান কো-অপারেশনের সিনিয়র কো-অর্ডিনেটর শেখ মোঃ আশরাফুল ইসলাম, কো-অর্ডিনেটর মোঃ আতিয়ার রহমান প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন কেসিসি’র আর্কিটেক্ট রেজবিনা খানম। অনুষ্ঠানে ২শ ৭০ জন সুবিধাভোগীকে ব্যবসা সহায়তা উপকরণ ও সার্টিফিকেট বিতরণ করা হয়।











































