স্টাফ রিপোর্টার ।।
নগরীতে বিস্ফোরক দ্রব্য মজুদ করে নাশকতার পরিকল্পনার করা সোনাডাঙ্গা মডেল থানার মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন (জেএমবি) এর দু’সদস্যকে ২০ বছরের সশ্রম প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রবিবার (২ মে) বেলা ১১টার দিকে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুর মোহাম্মদ অনিক (২৪) ও পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মোজাহদিুল ইসলাম রাফি (২৩। অনিক মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার মোড়াবাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে এবং রাফি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ঘাশুরদুয়ার এলাকার মো. রেজাউল করিমের ছেলে। রায় ঘোষণাকালে আসামীরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী নথীর বরাত দিয়ে জানান, ২০২০ সালের ২৫ জানুয়ারি রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা গল্লামারী খোরশেদ নগরের হাসনাহেনা নামের একটি বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় ১৯ রকমের বিস্ফোরক দ্রব্যসহ খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’ছাত্র জেএমবি সদস্য অনিক ও রাফিকে গ্রেপ্তার হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানার এসআই রোহিত কুমার বিশ্বাস বাদী হয়ে তাদের দু’জনের নামে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন যার নং-২৪। ওই বছরের ২২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক এনামুল হক তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালীন মোট ১২ আদালতে সাক্ষ্য দিয়েছেন।
মামলার রাষ্ট্রপক্ষের কৌসুলী কাজী সাব্বির আহমেদ জানান, জঙ্গি সদস্যদের গ্রেপ্তারের সময় দুটি রিমোট কন্ট্রোল বোমা ও উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। নাশকতা সৃষ্টির জন্য যা তারা নিজেরা তৈরি করেন। এছাড়া তাদের বিরুদ্ধে আরও মামলা রয়েছে। আদালতে তারা কয়েকটি স্থানে বোমা হামলার কথাও স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ মামলায় সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট কাজী সাব্বির আহম্মেদ ও শামীম আহমেদ পলাশ।











































