Home খেলাধুলা তিন বছর পর খুলনায় সিনিয়র ডিভিশন ক্রিকেট লীগ শুরু

তিন বছর পর খুলনায় সিনিয়র ডিভিশন ক্রিকেট লীগ শুরু

19

স্পোর্টস ডেস্ক।।

প্রায় তিন বছর পর খুলনার মাঠে সিনিয়র ডিভিশন ক্রিকেট লীগ শুরু হলো। মঙ্গলবার (১৭ মে) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে ওই লীগের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এবারের লীগে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।

মঙ্গলবার বেলা ১২টায় ক্রিকেট লীগের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে খুলনা জেলা ক্রীড়া সংস্থা। সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা।

তিনি জানান, টুর্নামেন্টে মোট ১৬টি দলের মধ্যে প্রিমিয়ার বিভাগের ৮টি ও প্রথম বিভাগের ৮টি দল অংশগ্রহণ করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়মানুযায়ী প্রতিটি দল পরস্পরের সঙ্গে মোকাবেলা করবে। মোট ৫৬টি খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি দলের খেলা হবে ৭টি করে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল চ্যাম্পিয়ন ও দ্বিতীয় পয়েন্ট অর্জনকারী দল রানার আপ হওয়ার যোগ্যতা অর্জন করবে।

 

তিনি বলেন, গ্রুপের সর্বনিম্ন দল রেলিগেশনে যাবে। অর্থাৎ প্রিমিয়ার বিভাগ থেকে প্রথম বিভাগে, প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে যাবে। এছাড়া প্রথম বিভাগের চ্যাম্পিয়ন দল প্রিমিয়ার বিভাগে উন্নীত হবে।

সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী শামীম আহসান, এস এম মোর্তজা রশিদী দারা, রেজাউল ইসলাম, মোতালেব মিয়া, মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।