Home জাতীয় মাটির নিচে ট্রাংকে গুলিভর্তি ২৭ আগ্নেয়াস্ত্র!

মাটির নিচে ট্রাংকে গুলিভর্তি ২৭ আগ্নেয়াস্ত্র!

18

খুলনাঞ্চল ডেস্ক।।

ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া মহল্লায় সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের কাছে একটি নতুন বাড়ি তৈরির সময় মাটি খুঁড়ে পুরাতন ইট বের করতে গিয়ে ট্রাংকে গুলিভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে গুলিসহ ২৭টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ২৪টি থ্রি নট থ্রি ও তিনটি এসএলআর বলে নিশ্চিত করেছে পুলিশ। এর সঙ্গে এক বক্স গুলিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাজির হাওলাদার নামে একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি ছিল এটা। সম্প্রতি তার নাতি মোস্তাফিজুর রহমান বাপ্পি হাওলাদার জায়গাসহ বাড়িটি বিক্রি করে দেন।

বাড়িটি বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের ব্যবসায়ী মো. হানিফ ক্রয় করেন এবং পুরাতন ভবন ভেঙে নতুন ভবন বানানোর উদ্দেশ্যে শ্রমিক নিয়োগ করেন। ভবন ভেঙে মাটি খনন কাজের সময় একটি ট্রাংকে থাকা ২৭টি আগ্নেয়াস্ত্র ও একটি লোহার বক্সে থাকা বিপুল পরিমাণ গুলি দেখতে পান শ্রমিকরা।

মাটি খোঁড়ার কাজ করছিল চারজন শ্রমিক। এদের মধ্যে বকুল চন্দ্র রায় জানান, মাটি খুঁড়ে ইট বের করার সময় হঠাৎ করে একটি অতি পুরাতন ট্রাংক দেখতে পান তারা। ট্রাংকটি দীর্ঘদিন মাটির নিচে থাকা মরিচা পড়ে ভেঙে গেছে। ভাঙার ফাঁক দেখে তারা ভয় পান। তাৎক্ষণিকভাবে যিনি (জালাল) তাদের কাজে লাগিয়েছেন তাকে খবর দেন।

জালাল পরে জমির নতুন মালিক মো. হানিফকে জানান। তিনি আবার জামির মালিক মোস্তাফিজুর রহমান বাপ্পি হাওলাদারকে ঘটনা খুলে বলেন। বাপ্পি আর দেরি না করে ঠাকুরগাঁও থানায় খবর দেন।

এ বিষয়ে বাড়ির মালিক মো. হানিফ বলেন, আমি নতুন বাসা করার জন্য শ্রমিক কাজে লাগিয়েছি। তারা এগুলো পেয়ে তাকে জানান। তার ফোন পেয়ে পুলিশ এসে গুলিসহ অস্ত্রগুলো উদ্ধার করে।

ঠাকুরগাঁও থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই স্থানে আরও আগ্নেয়াস্ত্র আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। পরে প্রেস ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত জানানো হবে।