খুলনাঞ্চল রিপোর্ট।।
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৬৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (১৭ মে) মনোনয়নপত্র দাখিলের শেষদিন এই তথ্য জানান কুসিকের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী। তিনি বলেন, মেয়র পদে ছয়জন (বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আরফানুল রিফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে কামরুল আহসান বাবুল, মো. মনিরুল হক, মোহাম্মদ নিজাম উদ্দিন ও মাসুদ পারভেজ খান) , সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১২০ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে ৫ ও ১০ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে একক প্রার্থী রয়েছেন জানান তিনি।
জানা যায়, মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৫৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৯ জন। তিন পদে মোট ১৯৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এদিকে এই সিটি নির্বাচনে আচরণবিধি প্রতিপালনের জন্য প্রার্থী, সমর্থক ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে আচরণবিধি লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্যও বলেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
আচরণবিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে ইসির যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, এই বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। আচরণবিধি অনুযায়ী প্রচারণা শুরু হয় প্রতীক বরাদ্দের পরে। এর আগে কোনো ধরনের সভা-সমাবেশ শো-ডাউন করা যাবে না। স্থানীয় নির্বাচনের প্রচারে সংসদ সদস্যদের অংশ নেওয়ায়ও আচরণবিধিতে মানা রয়েছে। একই তফসিলে ছয়টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হবে।
এদিকে মনোনয়নপত্র জমাদানে বাঁধা প্রদান করায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করেছে কমিশন। বাঁধাদানের বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্তপূর্বক নির্বাচন কমিশনে রিপোর্ট প্রদানের জন্য মাদারীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে নির্দেশ প্রদান করা হয়েছে বলেও জানান আসাদুজ্জামান।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, এসব নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১৭ মে, মনোনয়নপত্র বাছাই ১৯ মে, আপিল ২০ থেকে ২২ মে, আপিল নিষ্পত্তি করা হবে ২৫ মে’র মধ্যে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ করা হবে ১৫ জুন।
কুমিল্লা সিটিসহ সব নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। আর কুমিল্লা সিটির প্রতিটি কেন্দ্রের বাইরে একটি এবং প্রতি ভোটকক্ষে একটি করে সিসি ক্যামেরা থাকবে। ভোট কক্ষের যেখানে ভোটাররা ভোট দেবেন, সেই অংশে সিসি ক্যামেরা থাকবে না।
কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ২ লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং ১ লাখ ১২ হাজার ৮২৬ জন পুরুষ ভোটার এবং দু’জন ‘হিজড়া’ ভোটার রয়েছেন।











































