Home জাতীয় ১০ ঘণ্টায় জোড়া লাগানো হলো সেই পুলিশ সদস্যের হাতের কব্জি

১০ ঘণ্টায় জোড়া লাগানো হলো সেই পুলিশ সদস্যের হাতের কব্জি

13

খুলনাঞ্চল রিপোর্ট।।
চট্টগ্রামের লোহাগাড়ায় আসামির দায়ের কোপে বিচ্ছিন্ন হওয়া পুলিশ সদস্য জনি খানের হাতের কব্জি টানা ১০ ঘণ্টার প্রচেষ্টায় জোড়া লাগানো হয়েছে। ঢাকার আল মানার হাসপাতালে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

সাতকানিয়া থানার এসআই ভক্ত চন্দ দত্ত সোমবার (১৬ মে) সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার দিনগত রাত আড়াইটার দিকে অস্ত্রোপাচার শুরু করে সোমবার বেলা ১১টার দিকে শেষ হয়। জনি খানের অবস্থা স্বাভাবিক রয়েছে। আল মানার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাজেদুর রেজা ফারুকীর নেতৃত্বে একদল চিকিৎসক এ অস্ত্রোপাচার সম্পন্ন করেন।

রোববার সকালে লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকার মৃত আলী হোসেনের ছেলে কবির আহমদকে (৩৫) গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। লোহাগাড়া থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত, এএসআই মজিবুর রহমান, কনস্টেবল জনি খান ও শাহাদাত হোসেন পুলিশ পিকআপ করে এ অভিযানে যান।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদ ধারালো দা দিয়ে পুলিশ সদস্য জনি খানের হাতে কোপ দিয়ে পালিয়ে যান। এতে তার হাত থেকে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতানে নেওয়া হয়। পরে দ্রুত উন্নত চিকিৎসার জন্য র্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়।

এদিকে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় প্রধান আসামি হামলাকারী কবির আহমদের স্ত্রী রুবি আকতারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে বান্দরবানের সীমান্তবর্তী এলাকা লামা থেকে তাকে গ্রেফতার করা হয়।