সাতক্ষীরা প্রতিনিধি।।
আমার মা-ই আমাকে আজ এই পর্যন্ত এনেছে। তার অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমার চিকিৎসক হয়ে ওঠার স্বপ্ন সত্যি হতে চলেছে। কথাগুলো বলছিলেন, অদম্য মেধাবী সাতক্ষীরার মারুফা খাতুন। চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ পেল সে। মারুফা সম্প্রতি ভর্তি হয়েছেন সাতক্ষীরা মেডিক্যাল কলেজে। ইতোমধ্যেই তার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। আগামী ১ আগস্ট থেকে তার ক্লাস শুরু হবে।
মারুফা খাতুন সাতক্ষীরার তালা সদরের জেয়ালা নলতা গ্রামের নিকারীপাড়ার মৎস্যজীবী (জেলে) আজিত বিশ্বাস ও গৃহিণী তাছলিমা বেগমের বড় মেয়ে। ২০১৯ সালে তালার এ জে এইচ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি জিপিএ-৫ পান। ২০২১ সালে তালা মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭৪ নম্বর পেয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পান মারুফা। তবে সুযোগ পেলেও পারিবারিক দরিদ্রতায় ভর্তি হওয়া নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে একে একে অনেকে তার পাশে দাঁড়ান।
মারুফা বলেন, ‘আমার মায়ের চেষ্টায়ই আজ আমি এ পর্যন্ত এসেছি। আমার মা আমার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। রাতদিন পরিশ্রম করেছেন। আমার স্বপ্ন ছিল আমি একজন ডাক্তার হবো। আমার মা শেষ পর্যন্ত চেষ্টা করেছেন। আমার গরিব বাবার মেডিক্যালে ভর্তির টাকার সংস্থান করা তার পক্ষে সম্ভব ছিল না। আমার মেডিক্যালে চান্স পাওয়ার খবরটি যখন মিডিয়ায় প্রকাশ হয় তখন আমার পাশে দাঁড়িয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, সাতক্ষীরা র্যাব কমান্ডার ইশতিয়াক হুসাইন, নাভানা গ্রুপ।’ নাইন্টি ওয়ান-নাইন্টি সেভেন এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মারুফার লেখাপড়ার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যক্তি পর্যায়েও অনেকে তাকে সাহায্য করেছেন। তাদের সবার প্রতি মারুফার পরিবার কৃতজ্ঞ।
মেয়ের সফলতার বিষয়ে মারুফার বাবা অজিত বিশ্বাস বলেন, আমি নদীতে মাছ ধরে সংসার চালাই। গরিব মানুষ। মেয়েকে ডাক্তারি পড়াব তেমন সামর্থ্য আমার নেই। সবার সহযোগিতায় মেয়েটা আজ এই পর্যন্ত আসতে পেরেছে। সবার কাছে মেয়ের জন্য দোয়া কামনা করছি। যেন লেখাপড়া শেষ করে ডাক্তার হতে পারে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস জানান, ‘সব শিক্ষার্থী আমাদের কাছে সমান। গরিব পরিবারের মারুফা খাতুনের ভর্তি সম্পন্ন হয়েছে। তার দিকে আমাদের বিশেষ দৃষ্টি থাকবে।’
মারুফা খাতুনের মা তাছলিমা বেগম বলেন, মারুফা আমার প্রথম সন্তান, আমি তেমন লেখাপড়া জানি না। মারুফা খুব ছোটবেলা থেকে পড়ালেখার প্রতি ভীষণ মনোযোগী ও আগ্রহী। অন্য ছেলেমেয়েরা যখন খেলাধুলায় ব্যস্ত, মারুফা তখন বই নিয়ে ব্যস্ত থাকত। সারাক্ষণ বই ছিল ওর সঙ্গী। তখনই আমার মনে হয়েছিল ওর জন্য আমার সবটুকু দিয়ে চেষ্টা করব।
তিনি বলেন, প্রচ- অভাবের সংসার আমাদের। নুন আনতে পান্তা ফুরোয়। আমি তখন অন্যের কাঁথা সেলাই করে টাকা রোজগার করতাম। সেই টাকা দিয়ে ওর প্রাইমারি থেকেই টিউশনি দিয়েছি। কখনো ওর পড়ার খরচের দিকে আমি তাকাইনি। টাকা-পয়সা না থাকলে আমার আত্মীয়-স্বজনের কাছ থেকে দু-এক হাজার টাকা চেয়ে ওর লেখাপড়ার খরচ জুগিয়েছি। ও যখন জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করল। তখন ভর্তি করলাম তালা মহিলা কলেজে। তখন বাড়ি থেকে মারুফার কলেজের দূরত্ব বেশি হওয়ায় ওকে হোস্টেলে রাখা হলো। তখন ওর স্যারেরা বলল ওর মাসে ৫ হাজার টাকা লাগবে। আমি তখন চিন্তায় পড়ে যাই। বাড়ির পুকুর পাড়ে বসে একা একা কেঁদেছি। ভাবলাম ওকে আর লেখাপড়া করাতে পারব না। হয়তো বিয়েশাদি দিয়ে দিতে হবে। এই টাকা আমি কীভাবে জোগাড় করব। তখন বিভিন্ন মানুষের পরামর্শে ডাচ্-বাংলা ব্যাংকে এবং ব্যুরো বাংলাদেশ নামের দুটি প্রতিষ্ঠানে শিক্ষাবৃত্তির আবেদন করি। তারা আমার আবেদন গ্রহণ করে ওর যাবতীয় খরচের ব্যবস্থা করে দেয়। আল্লাহর রহমত ছাড়া কোনোভাবেই এসব সম্ভব ছিল না। এভাবে ওকে মানুষ করছি। তিন কন্যা সন্তানের মা তাছলিমা বেগম বলেন, ছেলে নিয়ে আমার আর কোনো আক্ষেপ নেই। আমার মারুফাই এখন আমার ছেলে।
এখন মারুফার কাছে আপনার কী প্রত্যাশা এমন প্রশ্নের জবাবে আপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘ওর কামাই খেতে পারব কিনা আল্লাহ জানে। তবে ও যেন ডাক্তার হয়ে গরিব, অসহায় মানুষের সেবা করে। ও যেন গরিব মানুষের ডাক্তার হয়। ওর জন্য অনেক মানুষ দোয়া ও সহযোগিতা করেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মারুফার মা। -আমাদের সময়











































