Home আঞ্চলিক সুন্দরবনে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

8

স্টাফ রিপোর্টার।।

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে নদীতে পড়ে মিরাজ হাওলাদার (২৬) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) বিকেলে পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কালামিয়া ও শ্যালার চর সংলগ্ন নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

শুক্রবার (১৩ মে) বিকেল পর্যন্ত নিখোঁজ জেলের কোনো খোঁজ মেলেনি। তবে তার সঙ্গে থাকা জেলে ও বন বিভাগের পক্ষ থেকে নিখোঁজ জেলের সন্ধান চালানো হচ্ছে।

নিখোঁজ মিরাজ হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার বারৈখালী গ্রামের নাছির হাওলাদারের ছেলে। ৪ মে বনবিভাগ থেকে পাস নিয়ে বড় ভাই পলাশ হাওলাদারের নৌকায় সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন তিনি।

 

একই নৌকায় থাকা জেলে মো. খালিদ হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নদীতে প্রচণ্ড ঢেউ হচ্ছিল। এসময় নদীতে নোঙর ফেলতে যায় মিরাজ। নোঙর ফেলার সময় পায়ের সঙ্গে দড়িতে প্যাঁচ লেগে নদীতে পড়ে সঙ্গে সঙ্গে তলিয়ে যায় সে। কিছুক্ষণ পর একবার তার মাথা ভেসে উঠেছিল। কিন্তু তার পরে আর খুঁজে পাইনি। নিখোঁজের পর পরই আশপাশের ২৫ থেকে ৩০টি নৌকার এক-দেড়শ জেলে ছুটে আসে। সেই থেকে আমরা সবাই মিলে তল্লাশি করছি। খবর পেয়ে শ্যালার চরের বনরক্ষীরাও ঘটনাস্থলে এসেছিল।

 

পূর্ব বনবিভাগের শরণখোলা সহকারী বনসংরক্ষক (এসএিফ) মো. শহিদুল ইসলাম বলেন, জেলেরা ওই এলাকায় তল্লাশি করছে। আবহাওয়া খারাপ থাকায় সেখানে প্রচণ্ড ঢেউ হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার বনরক্ষীদের ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিচ্ছে।