ঢাকা অফিস।।
বিগত ভোটার তালিকা হালানাগাদে নারী ভোটার কম হওয়ার পেছনে আটটি কারণ চিহ্নিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আর সেই কারণগুলো মোকাবেলায় জনপ্রতিনিধি বিশেষ করে নারী ভোটার বাড়াতে দেশের সকল স্থানীয় সরকারের নারী জনপ্রতিনিধিদের ভোটার তালিকা হালানাগদ কর্মসূচিতে সহযোগিতা করার নির্দেশনা দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
বুধবার (১১ মে) ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনা সকল নারী জনপ্রতিধিদের কাছে পাঠানো হয়।
এই সংক্রান্ত নির্দেশনায় বলা হয়- ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম ২০ মে ২০২২ থেকে পরবর্তী তিন সপ্তাহ অথবা শুরুর তারিখের পরবর্তী তিন সপ্তাহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এতে ২০০৭ সালের ১ জানুয়ারি অথবা তার পুর্বে যাদের জন্ম তাদের এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন, তাদের নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহ করা হবে।
এছাড়া, এই কর্মসূচিতে ভোটার তালিকা হতে মৃত ভোটারের নাম কর্তনের বিষয়েও কার্যক্রম গৃহিত হবে। ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ও সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে সমন্বয় কমিটি গঠন করা হয়।
বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নারী ভোটার কম হওয়ার আট কারণগুলো হলো- নির্ধারিত ফি পরিশোধ করে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহে অনীহা; হিন্দু অবিবাহিত মেয়েদের পিত্রালয়ে নিবন্ধন করতে অনীহা; অবিবাহিত, অনগ্রসর ও নিরক্ষর মেয়েদের ভোটার হওয়ার ক্ষেত্রে আগ্রহ কম; বাবা-মা’র জাতীয় পরিচয়পত্র দাখিল করতে ব্যর্থ হওয়া; রেজিস্ট্রেশন কেন্দ্র দূরবর্তী হওয়া; আবহাওয়া অনুকুল না থাকা; সামাজিক সংস্কার ও ধর্মীয় অজুহাতে ছবি তুলতে অনীহা; এবং প্রত্যন্ত অঞ্চলের মাহিলাদের অসচেতনতা অন্যতম।
মাঠপর্যায়ে দেওয়া ইসির এই সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, এবার মহিলাদের অন্তর্ভুক্তির হার যেন উল্লেখযোগ্যভাবে কম না হয় সে লক্ষ্যে হালনাগাদ কার্যক্রমের সময় সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য (বিশেষ করে সংরক্ষিত আসনের কাউন্সিলর/সদস্যগণকে), দফাদার ও গ্রাম পুলিশকে সম্পৃক্ত করতে পারেন।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মহিলাদের নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিগণের, বিশেষ করে মহিলা জনপ্রতিনিধিগণের (উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, সিটি/পৌর এলাকার সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্যসহ সাধারণ আসনের বিপরীতে নির্বাচিত মহিলা জনপ্রতিনিধির সহযোগিতা একান্ত প্রয়োজন।
সিটি করপোরেশন ও উপজেলা পর্যায়ের সমন্বয় কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ইতিমধ্যে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। জনগুরুত্বপূর্ণ একাজে মহিলাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সদস্যদের নির্দ্বিধায় ওই কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা প্রয়োজন। বিশেষ করে প্রচারের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
আগামী ২০ মে দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন। এক্ষেত্রে প্রথম পর্যায়ে ১৪০টি উপজেলায় এ কার্যক্রম শুরু হবে। অন্যান্য উপজেলাগুলোয় পরবর্তীতে ধাপে ধাপে ভোটার তালিকা হালানাগাদ কার্যক্রম সম্পন্ন করা হবে।











































