মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
মোংলায় সংখ্যালঘু একটি হিন্দু পরিবারের প্রায় দুই কোটি টাকা মূল্যের জমি জবরদখল করে জালিয়াতির মাধ্যমে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন ও চাঁদপাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর জাহাঙ্গীর মল্লিকের বিরুদ্ধে। এর আগে এ ঘটনায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন ওই ভুক্তভোগী পরিবার। উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী মৌজায় তিন দশমিক ৪৫ একরের ওই জমি ফেরত পেতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ ভুক্তভোগী নরোত্তম বিশ্বাসের। এরপর নরোত্তম বিশ্বাস তার নিজ নামীয় জমি ফেরত পাওয়ার আকুতি জানিয়ে ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন এবং ইউপি মেম্বর জাহাঙ্গীর মল্লিকের বিরুদ্ধে বিচার চেয়ে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের মাধ্যমে এ স্মারকলিপি পাঠান নরোত্তম। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, এ ঘটনার বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন পেলেই দায়ীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর বরাবর পাঠানো স্মারকলিপিতে উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন ও মেম্বর জাহাঙ্গীর মল্লিককে ভূমিদস্যু উল্লেখ করা হয়েছে। স্মারকলিপিতে আরো উল্লেখ রয়েছে উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকার বাসিন্দা কৃষ্ণপদ বিশ্বাসের দুই জেলে নরোত্তম বিশ্বাস ও প্রেমানন্দ বিশ্বাসের নামীয় মালগাজী মৌজার ১৩৭ ও ১৩৮ এসএ খতিয়ানের তিন দশমিক ৪৫ একর জমি ওই দুই জনপ্রতিনিধি জাল জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করে বিক্রি করে দিয়েছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও খুনসহ নানা ধরণের হুমকির ভয় দিয়ে ওই জমি জবরদখল করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভূমিদস্যু, দখলবাজ ও ধর্ষণসহ একাধিক মামলার আসামী ইউপি মেম্বর জাহাঙ্গীর মল্লিককে অদৃশ্য কারণে ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন শেল্টার দিয়ে আসছেন বলেও অভিযোগ করা হয়েছে। পৌর শহরের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা মৃত মনোহর আলী সরদারের ছেলে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন নিজেকে বড় মাপের দাঙ্গাবাজ ও গডফাদার হিসেবে নিজেকে জাহির করে মোংলা এলাকা জুড়ে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন বলেও প্রধানমন্ত্রীর কাছে প্রেরিত স্মারকলিপিতে উল্লেখ করেছে সংখ্যালঘু পরিবারটি।
এছাড়া ক্ষমতার অপব্যবহার করে আইন বর্হিভূতভাবে মোটা অংকের টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে সাইনবোর্ড ঝুলিয়ে অন্যের জায়গা জমি দখলসহ ফায়দা লুটে আসছেন ভাইস চেয়ারম্যান। এসব তথ্যও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, সংখ্যালঘু ওই পরিবারের কিছু জমি জবর দখলের মাধ্যমে হাতছাড়া হয়েছে বলে তিনি শুনেছেন এবং অভিযোগও পেয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এছাড়া ভুক্তভোগী ওই পরিবারের জমি ফেরত পেতে ও বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে।











































