Home আঞ্চলিক লাগাতর ভারি বর্ষনে কৃষকের কপালে ভাঁজ বাড়ছে

লাগাতর ভারি বর্ষনে কৃষকের কপালে ভাঁজ বাড়ছে

24

 

 

সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥

চলতি বোরো মৌসুমে মাঠের ধানক্ষেতগুলো অধিক ফলনের হাতছানি দিচ্ছিল। কৃষকদের আশা ছিল নতুন ধান ঘরে তুলে দায়দেনা পরিশোধ করবেন। মেটাবেন পরিবারের সব সদস্যদের চাহিদা। মাঠের পাকা ধানগুলোতে কৃষকদেরকে অতীতের যে কোন মৌসুমের চেয়ে বেশি ফলনের স্বপ্ন দেখাচ্ছিল। তাদের আশা ছিল বেশ লাভ হবে। ভালোভাবে চলবে সংসার। এমন ভাবনায় ঝিনাইদহ কালীগঞ্জের বোরো চাষীরা ফুরফুরে মেজাজে ছিলেন। কিন্ত বেশি আশার খাওয়া নেই। বিগত মৌসুমের মত এবছরও পাকা ধানের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে প্রাকৃতিক দূর্যোগপূর্ণ আবহাওয়া। শেষ মুহুর্তে ধান ঘরে তোলার সময়ে বৈরি আবহাওয়া নির্দয় হয়ে গেছে। নিম্নচাপের প্রভাবে গত ৩ দিনের ভারি বর্ষায় ক্ষেতের ধান মাটিতে পড়ে কাঁদা পানিতে একাকার হয়ে গেছে। কোন কোন মাঠের কাটা ধান পানির ওপর ভাসছে। প্রথম দিকে কৃষকেরা বুক পেতে চেষ্টা করেছে রক্ষার জন্য। কিন্ত লাগাতর ভারি বর্ষনে কৃষকদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। এখন নিচু জমির কৃষকেরা অনেকে নিজের বুক চাপড়ে ধানের আশা ছেড়েই দিয়েছেন। অবস্থাটা পাকা ধানে মই দেয়ার মত অবস্থা। এখন আকাশে যত কালো মেঘ জমছে কৃষকদের কপালেও পড়ছে বড় বড় নিরাশার ভাঁজ। শুধু একটা স্বান্তনা তাদের যে, প্রকৃতিতে কারও হাত নেই।

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসসূত্রে জানাগেছে, চলতি বোরো মৌসুমে এ উপজেলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ৫০ হেক্টোর জমিতে। কিন্ত চাষ হয়েছে ১৪ হাজার ৭’শ ৫০ হেক্টর। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৭’শ হেক্টর বেশি জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এরমধ্যে মাত্র ২০ থেকে ২৫ ভাগ জমির ধান কৃষকেরা ইতোমধ্যে ঘরে তুলতে পেরেছেন। বাকিটা ক্ষেতের ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠে গেলে দেখা যায় , এবছর নজরে আসে বোরো ধানের বিচিত্র চিত্র। কোন মাঠে এখনও ধান কাটাই শুরু হয়নি। তবে সারা মাঠের ধান পেকে সোনালী বর্ণ ধারন করেছে। আবার নিচু এলাকার মাঠের ধানগুলো বাঁচাতে অনেকে প্রখর রোদে ধান কেটে ভালোভাবে ঘরে তুলে নিয়েছেন। কিন্ত তাদের সংখ্যা শতকরা ৫ থেকে ৬ ভাগের বেশি নয়। আবার অনেকে ধান কেটে বিচালীর আশায় ফেলে রেখেছিলেন। তাদের ধানগুলো পানিতে ভাসছে। আবার অনেকে ক্ষেতের ধান এখনও কাটেননি। তারাও পড়েছেন বিপাকে। চলমান নিম্নচাপের প্রভাবে লাগাতর ভারি বর্ষায় আগাভারী পাকা ধান ক্ষেতে জমে থাকা হাঁটু পানিতেই একাকার হয়ে গেছে। এ ধানগুলো দু-এক দিনের মধ্যে কেটে না নেয়া হলে সব ধানে চারা গজিয়ে নষ্ট হবে।

খালকুলা গ্রামের কৃষক তোফাজ্জেল হোসেন জানান, তিনি ১০ বিঘা বোরো ধানের চাষ করেছিলেন। আবহাওয়ার অনেক দিনের আগ থেকে পূর্বাভাস শুনে বেশ চড়া মূল্যে শ্রমিক নিয়ে ধানগুলো ঘরে তুলেছেন। গোখাদ্যের জন্য বিছালী গুলোও সংরক্ষন করতে পেরেছেন। তিনি বলেন, তবে তার মাঠে এখনও কমপক্ষে ৮০ ভাগ ধান নিয়ে কৃষকেরা চরম বেকায়দায় আছেন।

খালকুলা গ্রামের মিলন হোসেন জানান, দুই বিঘা ধানের মধ্যে সবটুকুই কেটে শুকাতে দেয়া ছিল। কিন্ত এখন সে ধান পানিতে ভাসছে। কোনভাবে এ ক্ষতি পোষাতে পারবেন না।

বিনোদপুর গ্রামের কৃষক দম্পতি পরিমল কুমার ও অনিমা দাস জানান, খুব কষ্ট করে ১০ কাঠার একটু বেশি জমি বর্গা নিয়ে বোরো ধানের চাষ করেছিলেন। সব ধান কেটে শুকানোর জন্য জমিতে ফেলা ছিল কিন্ত গত ৩ দিনের ভারি বর্ষায় সে ধানগুলো ক্ষেতেই ভাসছে। ভোর থেকে টেনে টেনে ধানগুলো রাস্তায় উঠানোর চেষ্টা করছি তাতে কোন ফল হবে বলে মনে হচ্ছে না। এখন কি করে সংসার চালাবেন। আর কিভাবেই বা পাওনাদারের দেনা মেটাবেন সে চিন্তায় আছেন।

কালীগঞ্জের ফয়লা গ্রামের বর্গাচাষী তোতা মিয়া জানান, এবছর ২ বিঘা জমি বর্গা নিয়ে মাঠে ধান চাষ করেছিলেন। জমিগুলো একটু নিচু মাঠে হওয়ায় ক্ষেতের সব পাকাধান কাঁদা বৃষ্টিতে একাকার হয়ে গেছে। এখন জমির মালিকের টাকাই পরিশোধ করা সম্ভব হবে না। ছেলেমেয়েদের নিয়ে কি করে সংসার চালাবো সে চিন্তায় আছি।

নরেন্দ্রপুর গ্রামের আরেক বর্গাচাষী মনজের আলী জানান, মাঠে নিজের কোন চাষযোগ্য জমি নেই। মাঠের রাকিবুল ইসলাম ও বল্টু মিয়ার ৩ বিঘা জমি বর্গা নিয়ে সারা মৌসুম ক্ষেতে কাজ করেছি। ক্ষেতে ধানও হয়েছিল ভালো। কিন্ত গত কয়দিনের বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। এখন না খেয়ে মরতে হবে।

তিনি আরও বলেন, ক্ষেতের ধান বাঁচাতে হলে দ্রুতই ভেজা ধান শুকাতে হবে। সে জন্য ভেজা ধান ক্ষেতে পানি থেকে উঠিয়ে অপেক্ষাকৃত উচু স্থানে রাখার চেষ্টা করছি। কিন্ত সেখানেও পানি জমে যাচ্ছে।

সাদিকপুর গ্রামের বোরো চাষী সাজেদুল ইসলাম জানান, মোট ১১ বিঘা বোরো ধানের মধ্যে মাত্র ৪ বিঘা জমির ধান ঘরে তুলতে পেরেছেন। বাকি ধান ক্ষেতের পানির ভরা মাটিতে নুইয়ে পড়েছে। তিনি আরও জানান, এ মৌসুমের ধানের বিচালী বা খড় অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। প্রতিবিঘা জমির বিচালী এখনই বিক্রি হচ্ছে প্রায় সাড়ে তিন থেকে ৪ হাজার টাকায়। কিন্ত বৃষ্টি পানিতে ধান ও বিচালী উভয়ই চরম ক্ষতিগ্রস্থ হয়েছেন। অবস্থা এমন এবার ধারদেনা করে মানুষ বাঁচতে পারবে কিন্ত কৃষকের সম্পদ গোবাদি পশু কিভাবে বাঁচবে। তিনি আরও বলেন, বৃষ্টির আগে কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছিল কিন্ত বৃষ্টির পরে কৃষি শ্রমিক মেলানোই যাচ্ছেনা। আর আগের চেয়ে মজুরীও আকাশ সমান। প্রতি শ্রমিক এখন মজুরী চাচ্ছেন ৮’শ থেকে হাজার টাকা।

এদিকে একাধিক কৃষক জানান, বিগত কয়েক মৌসুমের বোরো ও আমন ধান ঘরে তোলার সময়ে কৃষকেরা লাগাতর মার খেয়ে নিস্ব হয়ে যাচ্ছেন। তারা জানান, প্রাকৃতিক দূর্যোগে মানুষের কোন হাত নেই।

 

বিগত কয়েকটি ধান সংগ্রহের মৌসুমে কৃষকদের পাকা ধান নিয়ে বিপাকে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। অসংখ্য কৃষকের সঙ্গে আলোচনা করে বেশ কিছু বিষয় বেরিয়ে এসেছে। অনেক বিষয় কৃষকদের অনুকুলে ছিলনা। তা হলো – ক্ষেতের ধান পেকে গেলেও এ বছর —

# কৃষি শ্রমিক পাওয়া সেতো ছিল সোনার হরিণ।

# এ বছর অতিথি শ্রমিকের যোগান ছিল কম।

# ক্ষেতের ধান ঘরে তুলতে এলাকায় পরিবহনের যোগান যথেষ্ট ছিল না।

# অনেক আগে থেকে আবহাওয়ার পূর্বাভাস ঘোষনা করা হলেও অনেক কৃষক সে বিষয়ে কর্ণপাত করেননি।

# প্রয়োজনে কৃষকদের গোখাদ্যের প্রতি অতি লোভ ।

# শ্রমিক সাশ্রয়ে কৃষি খাতে সরকারীভাবে আধুনিক যন্ত্রপাতি বাড়িয়ে কৃষক পর্যায়ে পৌছে দিতে হবে।

তথ্যে জানাগেছে, এবছর প্রায় সারাবছরের বোরো ধান একবারে পেকেছে। যে কারনে অতিথি শ্রমিক কম ছিল। যা পাওয়া গেছে তাদের মজুরী ছিল অতীতের যে কোন সময়ের চেয়ে কমপক্ষে কয়েকগুন বেশি। তারপরও অনেকে শ্রমিক মেলাতে পারেনি। তাই পাকা ধান তাদের ক্ষেতেই পড়ে আছে। যা পানিতে ভাসছে।

অনেক কৃষক ধান পাকলেই ধান কাটার সুযোগ পেয়েছিলেন। প্রয়োজনীয় মুল্যবান গোখাদ্যের জন্য অনেকে ক্ষেতে বিছালী ফেলিয়ে শুকাচ্ছিলেন এখন নিম্নচাপের পানির নীচে সব ধান। এখন তাদের ধানও গেলো বিছালীও গেলো।

অনেক কৃষক ক্ষেতের ধান বিছালী শুকিয়ে পরিবহনের অপেক্ষায় ছিলেন কিন্ত সারা মাঠের ধান বহলে অল্প সংখ্যক পরিবহনে অনেকে সিরিয়াল পাননি। ফলে শুকনো ধান কৃষকের সামনেই পানিতে ডুবেছে।

সারা বিশে^ ধান রোপন কর্তন ও সংগ্রহের জন্য আধুনিক যন্তপাতি বাড়ানো হচ্ছে। কৃষি খাতে এ দেশেও আধুনিক যন্ত্র নির্ভর চাষাবাদের ব্যবস্থা করতে হবে।

আমাদের দেশে বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি কৃষকক পর্যায়ে দেয়া হয়েছে তবে কৃষকেরা সেইভাবে আকৃষ্ট হয়নি। যেহেতু আমাদের দেশের কৃষকেরা এখনও অতটা সচেতন হয়নি। ফলে ধান পাকা ও কর্তনের সময়ে কৃষি ও জেলা তথ্য অফিসের মাধ্যমে গ্রাম এলাকায় আবহাওয়ার পূর্বাভাস ঘোষনা করা হলে অসচেতন কৃষক সচেতন হবে। সঙ্গে সঙ্গে কৃষকেরা উপকৃত হবেন।

কালীগঞ্জ উপজেলা কৃষি খন্দকার মোহায়মেন আক্তার জানান, ইতোমধে ২০ থেকে ৩০ ভাগ ধান কৃষকেরা ঘরে তুলতে পেরেছেন। বাকিটা ক্ষেতেই পড়ে আছে। তিনি প্রকৃতিতে কারও হাত নেই ফলে পরিস্থিতি মেনে নিতে হবে।