Home জাতীয় পিকে হালদার সংশ্লিষ্টতা: পূর্ণিমা-স্বপন দম্পতির বিরুদ্ধে মামলা

পিকে হালদার সংশ্লিষ্টতা: পূর্ণিমা-স্বপন দম্পতির বিরুদ্ধে মামলা

8

ঢাকা অফিস।।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আর্থিক খাতের কেলেঙ্কারিতে আলোচিত পিকে (প্রশান্ত কুমার) হালদার সংশ্লিষ্টতায় পূর্ণিমা রাণী হালদার ও তার স্বামী স্বপন কুমার মিস্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১০ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এই মামলা করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের ভারপ্রাপ্ত সচিব সাঈদ মাহবুব খান।

এই দম্পতির বিরুদ্ধে সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সাঈদ মাহবুব খান বলেন, নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও সম্পদ বিবরণী দুদকে জমা না দেওয়ায় পিকে হালদার সিন্ডিকেটের অন্যতম সদস্য পূর্ণিমা-স্বপন দম্পতির বিরুদ্ধে দুর্নীতি দমন আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা করা হয়েছে।

মামলায় পূর্ণিমা রাণী হালদারের বিরুদ্ধে দুই কোটি ৩৬ লাখ ৮১ হাজার টাকা ও স্বপন কুমার মিস্ত্রীর বিরুদ্ধে এক কোটি ১১ লাখ ২২ হাজার ৫২২ টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে সাঈদ মাহবুব খান বলেন, এরই মধ্যে ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টসহ চাহিত অন্যান্য নথিপত্র সরবরাহ করা হয়েছে। আমাদের (দুদক) প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে, ২০২১ সালের ৮ জানুয়ারি পিকে হালদারের বিরুদ্ধে দুদকের গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়।

ক্যাসিনো অভিযানের ধারাবাহিকতায় পিকে হালদারের বিরুদ্ধে প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ ওঠে। এরপর গত বছরের ১৬ আগস্ট পিকে হালদার সংশ্লিষ্টতায় এফএএস (ফাস) ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১২ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।