বাগেরহাট সংবাদদাতা।।
ঘূর্ণিঝড় আসানি প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার সকাল থেকেই এই বৃষ্টি শুরু হয়। সময় বাড়ার সঙ্গে বাড়ছে বৃষ্টির পরিমাণও। অন্যদিকে হঠাৎ এই বৃষ্টিতে বিপাকে পড়েছেন ধান চাষী ও খেটে খাওয়া মানুষেরা।
সদর উপজেলার ডেমা ইউনিয়নের ধান চাষী নাজমুল শেখ বলেন, ‘ঈদের আগের দিন থেকে অনেক বৃষ্টি ছিল। গত দুই-তিন দিন বৃষ্টি না থাকায় আমরা ধান কেটে মাঠে রেখেছিলাম। সেগুলো বাড়ি আনার আগেই সব শেষ হয়ে গেল।’
কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের শেখ রুস্তম আলী বলেন, ‘ধান কেটে মাড়াই করে ঘরে তুলতে পেরেছি। কিন্তু খড় নিয়ে খুব বিপদে পড়েছি। বৃষ্টির পানিতে নষ্ট হলে গরু-বাছুরকে খাওয়ানোর মতো কিছু থাকবে না।’
শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন উত্তর সাউথখালী এলাকার মিজানুর রহমান বলেন, ‘সিডরে আপনজন হারিয়েছি, ঘর-বাড়ি, জমি-জমা হারিয়েছি। সিডরের পরে আইলা, নার্গিস, বুলবুল, আম্পান, ইয়াসসহ একের পর এক ঘূর্ণিঝড়ের আঘাতে মূল্যবান সম্পদও হারিয়েছি। এবছর নাকি আবার আসানি আঘাত হানবে। কী হবে বুঝতে পারছি না।’
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করীম বলেন, ঘূর্ণিঝড় আসানির বিষয়ে সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সিপিবি, রেড ক্রিসেন্ট, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি সবাই প্রস্তুত আছে। বাগেরহাটে বর্তমানে ২ নম্বর সতর্কতা সংকেত চলমান রয়েছে। সংকেত বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, বাগেরহাটে ৩৪৪টি আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস প্রস্তুত রাখা হয়েছে। শুকনা খাবার এবং সুপেয় পানির ব্যবস্থা রয়েছে আমাদের।
এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় আসানি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি গত মধ্যরাতে দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।











































