স্টাফ রিপোর্টার।।
খুলনায় রিয়েল সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বিরুদ্ধে গ্রাহকদের ছয়/সাত কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। টাকা আদায়ের জন্য সমিতির ম্যানেজার ইসতিয়াক রাব্বি শোভনকে শুক্রবার মারধর ও রাতভর অবরুদ্ধ করে রাখেন গ্রাহকরা। সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন নিয়েই তারা কার্যক্রম চালিয়ে আসছিল।
গ্রাহকদের অভিযোগ, খুলনা মহানগরীর ৪ নম্বর ঘাট এলাকায় বস্তিবাসীর কাছে ২০১২ সাল থেকে ডিপিএস, এফডিআর, দৈনিক, সাপ্তাহিক ও মাসিক মেয়াদে ওই সমিতি টাকা নিত। নির্দিষ্ট মেয়াদের পর লভ্যাংশসহ টাকা ফেরত দিত তারা। কিন্তু করোনা মহামারির পর থেকে তারা গ্রাহকদের আর কোনো টাকা ফেরত দেয়নি।
গ্রাহকরা জানান, শুধু ঘাট এলাকা নয়; খালিশপুর, দৌলতপুর ও সোনাডাঙ্গা এলাকায় সব মিলিয়ে তাদের গ্রাহকসংখ্যা এক হাজারের বেশি। দুই বছর ধরে তারা কেউ সমিতির কাছ থেকে টাকা পান না। নগরীর গোবরচাকা মোল্লাবাড়ি মোড়ে ওই সমিতির একটি অফিস রয়েছে। তাদের রেজিস্ট্রেশন নম্বর ১৯/কে। সমিতির লোকজন সবাই কিছুদিন আগে গা-ঢাকা দেয়।
গ্রাহকরা আরও জানান, শুক্রবার সন্ধ্যায় নিউমার্কেট এলাকার একটি রেস্টুরেন্টে বসে সমিতির ম্যানেজার ইসতিয়াক রাব্বি শোভন খাবার খাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে ৪ নম্বর ঘাট বস্তির শতাধিক লোক গিয়ে তাকে আটক করেন। পরে তাকে ৭ নম্বর ঘাট জেটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের অফিসে নিয়ে মারধর ও আটকে রাখা হয়। শোভন এখনও গ্রাহকদের হেফাজতে রয়েছেন।
তবে আটক ম্যানেজার শোভন দাবি করেন, সমিতির মালিক শিবলু নামের এক ব্যক্তি। তিনি কিছুদিন আগে বিদেশে পালিয়ে গেছেন। তিনি তাদের ম্যানেজার ছিলেন।
তিনি আরও বলেন, আমি কী করে টাকা ফেরত দেব! শ্রমিকরা আমাকে অযথা আটকে রেখে মারধর করেছে।
ইতি আক্তার নামের একজন গ্রাহক বলেন, ‘আমি দৈনিক ৩০ টাকা করে তাদের কাছে জমা রাখতাম। বছর শেষে তারা সুদসহ মূল টাকা ফেরত দিত। কিন্তু গত দুই বছর আমার টাকা ফেরত পাইনি।’
তিনি বলেন, ‘আমাদের ৪ নম্বর ঘাট বস্তিতে শত শত মানুষ তাদের বিশ্বাস করে টাকা দিয়েছে।’
রওশানারা নামের আরেকজন গ্রাহক বলেন, আমাদের পরিবারের চারজন তাদের কাছে টাকা জমা রাখত। তবে গত দুই বছর তারা কোনো টাকা দিচ্ছে না।
খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. আমিনুল ইসলাম মুন্না জানান, তার ওয়ার্ডেরও অনেক লোক টাকা জমা রেখে এখন আর ফেরতে পাচ্ছে না। শুক্রবার রাতের ঘটনা তিনি জানেন। শোভনকে থানায় হস্তান্তর এবং ওই সমিতির লোকজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি জানান, গ্রাহকদের দেওয়া তথ্য অনুযায়ী ওই সমিতিটি প্রায় ছয়/সাত কোটি টাকা আত্মসাৎ করেছে।
এ ব্যাপারে খালিশপুর থানার ওসি মো. কামাল হোসেন খান বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কেউ থানায় অভিযোগ বা মামলা করেনি।











































