মোংলায় বিতর্কিত ইউপি মেম্বার জাহাঙ্গীরকে আর জনপ্রতিনিধি হিসেবে মানতে চাননা গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় সংখ্যালঘু দুই ভাইয়ের জমি ফিরে পাওয়ার দাবীতে ও বিতর্কিত জাহাঙ্গীর মেম্বারের অপকর্মের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছে গ্রামবাসী। এনিয়ে
রবিবার সকাল ১০ টায় উপজেলার চৌকিদার মোড়ে বিক্ষোভও করেন তারা। এ সময় জমি আত্মসাৎতের মুলহোতা ওই এলাকার বিতর্কিত ইউপি মেম্বার জাহাঙ্গীর মল্লিকের বিচার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভূক্তভোগী হিন্দু, মুসলিম ও খ্রিস্টান পরিবারের শত শত নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধনে ভুক্তভোগী নরোত্তম বিশ্বাস ও প্রেমানন্দ বিশ্বাস অভিযোগ করে বলেন, তাদের দাদা দর্শন বিশ্বাস ও দাদী পদ্মবতী বিশ্বাসের দেওয়া মালগাজী মৌজার ৩২ বিঘা জমির মধ্যে ৬ একর জমি মেম্বার জাহাঙ্গীরের ফাঁদে পড়ে তার বাবা কৃষ্ণপদ বিশ্বাস বিক্রি করে দিয়েছেন। তবে ওই জমির ওপর আদালতের নিষেধাজ্ঞা
থাকলেও তার তোয়াক্কাই করেননি ওই ইউপি মেম্বার। মানববন্ধনে আসা মারিয়া সরকার নামে এক নারী বলেন, মেম্বার হওয়ার পর জাহাঙ্গীর দোদান্ড প্রতাপশালী হয়ে উঠেন। এলাকায় সরকারী খাল আটকে নিষিদ্ধ ড্রেজার দিয়ে বালু বিক্রি করে
রাতারাতি কোটিপতি বনে যান। এলাকার কোন ব্যক্তি জমি সংক্রান্ত বিরোধ নিয়ে তার কাছে গেলে ভুল বুঝিয়ে সেই জমি তার নামে জোরপূর্বক লিখে নেন বলে অভিযোগ করেন তিনি। মারিয়া আরও বলেন, নিজের স্ত্রী সন্তান থাকলেও সেসব গোপন করে বিয়ের প্রলোভন দিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে লম্পট জাহাঙ্গীর মেম্বার। এ ঘটনায় তাকে আসামী করে ধর্ষণ মামলা দিয়েছেন তিনি। আরেক নারী কোহিনুর বেগম বলেন, বিচারের নামে মেম্বার জাহাঙ্গীর ও তার ভাই আলমগীর ভূক্তভোগীদের ওপর নির্মম নির্যাতন চালায়। এমনকি তার স্বজনদের ছাড়া সরকারী ত্রাণ বা ভিজিপির কার্ড দেওয়া হয়না। মানুষের জমি দখল করতে করতে এলাকায় তিনি এখন চিহ্নিত ভূমিদস্যু পরিচিত পেয়েছে। এমন জনপ্রতিনিধি তারা চাননা বলেও ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি আবুল হোসেন বলেন, জাহাঙ্গীর মেম্বারের বাবা সাত্তার মল্লিক একজন রাজাকার ও যুদ্ধাপরাধী ছিলেন। সেই যুদ্ধাপরাধীর ছেলে জাহাঙ্গীরও পাকিস্তানি দোসরদের মতই এলাকায় নিরীহ লোকজনদের ওপর নির্যাতন চালাচ্ছে। খোলস পাল্টে মৌসুমী পাখিরমত দলে আসা এই নব্য আওয়ামী লীগ জাহাঙ্গীরকে উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৫
নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি পদ থেকে বহিস্কারের দাবি জানান এ আ’লীগ নেতা আবুল হোসেন। এ অভিযোগের বিষয়ে মেম্বার জাহাঙ্গীর মল্লিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউপি নির্বাচনের পর থেকেই একটি পক্ষ তার পেছনে লেগে রয়েছে। ওই পক্ষটিই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে দাবী করেন তিনি।
এদিকে চাঁদপাই ইউনিয়নের চৌকিদার মোড় এলাকার সংখ্যালঘু পরিবারের দুই ভাই নরোত্তম ও প্রেমানন্দ বিশ্বাসের ৬ একর জমি তাদের বাবা কৃষ্ণপদ বিশ্বাসকে ফাঁদে ফেলে ওই জমি বিক্রিসহ বেশ কিছু অপকর্মের বিচারের দাবি থানায় শনিবার অভিযোগ দায়ের করেন নরোত্তম বিশ্বাস।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, চাঁদপাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর মল্লিকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত ও ইউপি সদস্যে পদের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করে ব্যবস্থা নেওয়া হবে। #











































