যশোর প্রতিনিধি।।
যশোরের মনিরামপুরে পাকা বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। ধানের ফলন ও দাম সন্তোষজনক হলেও কৃষকের মুখে হাঁসি নেই।
ধানকাটার মুহূর্তে থেমে থেমে বৃষ্টি হওয়ায় চাষিদের কপালে চিন্তার ভাজ পড়েছে। সাথে দেখা দিয়েছে শ্রমিক সংকট। খেত ভরা সোনালী স্বপ্ন ঘরে তুলতে পারবেন কিনা। নাকি আমন কাটার মুহূর্তের মত ভারি বৃষ্টিতে ধান তলিয়ে যাবে এ নিয়ে তাদের চিন্তার শেষ নেই।
প্রায় ১৫-২০ দিন আগে রোজার মাঝামাঝি মনিরামপুরে ধান কাটা শুরু হয়েছে। রোজার শুরু থেকে আকাশ ঘোলাটে থাকায় তখন ঝড়বৃষ্টির আতঙ্কে বিচ্ছিন্নভাবে কিছু কৃষক আধাপাকা ধান কেটে ঘরে তুলেছেন। কিন্তু ধান কাটা মোটামুটি শুরু হয় ঈদের ৪-৫ দিন আগ থেকে। অনেক কৃষক এ সময় ধান কেটে শুকানোর জন্য খেতে রেখে দেন। ঈদের দিনের (মঙ্গলবার) ভারি বৃষ্টিতে কেটে রাখা সব ধান ভিজে গেছে। অনেক খেতে জমেছে বৃষ্টির পানি।
এদিকে ঈদের দিন থেকে শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার (৫ মে) রাতের বৃষ্টি ও ঝড়ো বাতাসে মাঠে দাঁড়িয়ে থাকা অধিকাংশ ধান মাটিতে লুটিয়ে পড়েছে। খেতে জমে থাকা পানি ধানের উপরে উঠেছে।
কৃষকরা বলছেন আবহাওয়া একেক সময় একেক রকম হওয়ায় ধান কাটতে পারছি না। যা দুই এক খন্ড কাটা হয়েছে বৃষ্টিতে ভিজে যাওয়ায় ধানে চারা এসে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলার শেখপাড়া গ্রামের চাষি আনসার আলী বলেন, দুই বিঘা জমির ধান কাটা ছিল। ঈদের দিনের টানা বৃষ্টিতে সব ভিজে গেছে।
মামুদকাটি গ্রামের কৃষক নাজিম উদ্দিন বলেন, সাড়ে ৩ বিঘা বোরো চাষ করেছি। কিছু কেটে রেখেছি। তা সব ভিজে গেছে। আকাশ ভাল না হলে বাকি অংশ কাটতে পারছি না।
রঘুনাথপুর মাঠের প্রান্তিক চাষি নূর মোহাম্মদ বলেন, ৫০ হাজার টাকায় ৫ কাঠা জমি বন্ধক নিয়ে ধান করেছি। ধান কেটে রেখে দিছিলাম। বৃষ্টিতে খেতে পানি জমে গেছে। না পেরে ভিজে ধান বেধে বাড়ি তুলেছি।
এদিকে বৃষ্টির আগে যারা বাড়ি ধান তুলেছেন সেসব চাষিরা ফলন ও দাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বর্তমানে এ অঞ্চলে ধানের বাজার দর ১হাজার ১০০ টাকা থেকে ১ হাজার ১৫০ টাকায় চলছে।
মামুদকাটি গ্রামের চাষি আব্দুল আজিজ ১০ কাঠা জমিতে সাড়ে ১২ মণ ও মাইনুদ্দিন সমপরিমাণ জমিতে ১৫ মণ ধান পেয়েছেন বলে জানিয়েছেন। কৃষকরা বলছেন, এবার কারো ধান খারাপ হয়নি। শুধু ঝড়বৃষ্টি নিয়ে যত চিন্তা।
উপজেলা কৃষি অফিসের দেওয়া সূত্রমতে চলতি মৌসুমে মনিরামপুরে ২৭ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা ধরা হয়। উপজেলার কুলটিয়া, নেহালপুর, হরিদাসকাটি, মনোহরপুর এলাকায় জলাবদ্ধতার কারণে অন্তত ৫০০ হেক্টর জমিতে কৃষক ধান চাষ করতে পারেননি। ফলে ২৬ হাজার ৯৬৫ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে।
কৃষি অফিস বলছে, ইতিমধ্যে ৫০ শতাংশ ধান কাটা পড়েছে। বৃষ্টিতে তেমন কোন ক্ষতি হয়নি। ধানের ফলন আশানুরূপ; বাজার দরও ভাল।
তবে সরেজমিন উপজেলার মোবারকপুর, হানুয়ার, কোমলপুর, ষোলখাদা, রোহিতা, রঘুনাথপুর, চাঁদপুর, মাঝিয়ালী, গরিবপুর, গালদা, খড়িঞ্চি এলাকা ঘুরে দেখা গেছে এসব অঞ্চলের মাঠ জুড়ে সোনালী ধান পড়ে আছে। আকাশ ঘোলাটে থাকায় ও শ্রমিক সংকটে কৃষক ধান কাটতে পারছেন না। তাজপুর গ্রামের কৃষক শাহাজান বলেন, ঘেরের মধ্যে সাড়ে চার বিঘা ধান পেকে পড়ে আছে। শ্রমিক না থাকায় কাটাতে পারছিনা। ধান নিয়ে খুব চিন্তায় আছি। একই কথা বললেন হানুয়ার গ্রামের কৃষক আক্তার আলী ও জামিনুর রহমান।
এদিকে বৃহস্পতিবার (৫ মে) রাতে মনিরামপুরে মোটামুটি বৃষ্টি হলেও আজ শুক্রবার (৬মে) সকাল থেকে টানা রোদ দেখে গেছে। ফলে ধান কাটা ও বাড়ি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক। এ সুযোগে শ্রমিকরা মজুরি ১ হাজার টাকা পর্যন্ত হাকাচ্ছেন।
রাজগঞ্জ এলাকার শ্রমিক আলেক উদ্দিন বলেন, ধান কাটার শুরুতে ৩৫০-৪০০ টাকায় কাজ করেছি। ঈদের আগে হাজিরা ৭০০ টাকা পেয়েছি। আজ (শুক্রবার) মুজুরি ১ হাজার টাকা করে চলছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, বৃষ্টিতে ধানের তেমন কোন ক্ষতি হয়নি। ইতিমধ্যে ৫০ শতাংশ ধান কাটা পড়েছে। যে সব খেতে ধান শুয়ে পড়েছে দ্রুত তা কেটে ফেলতে হবে।











































