Home জাতীয় ফের ৬ অঞ্চলে তাপপ্রবাহ, থাকতে পারে দুদিন

ফের ৬ অঞ্চলে তাপপ্রবাহ, থাকতে পারে দুদিন

10

 

ঢাকা অফিস।।

ঝড়-বৃষ্টি কমে যাওয়ায় দেশের ৬টি অঞ্চলে ফের তাপপ্রবাহ শুরু হয়েছে। তা আরও দুদিন থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে তা পরবর্তী সময়ে ভারতের উপকূল অতিক্রম করতে পারে। তখন এর প্রভাবে আগামী তিন/চারদিনের মধ্যে বজ্র-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

শুক্রবার (৬ মে) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৭ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে, ৪৮ মিলিমিটার। বিকেলে ঢাকায় এক পশলা বৃষ্টি হয়েছে, আবহাওয়া দপ্তরের হিসাবে সেই বৃষ্টির পরিমাণ ছিল ৩ মিলিমিটার।

এছাড়া শনিবার টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কুমিল্লা, বগুড়া, তাড়াশ ও তেঁতুলিয়ায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙ্গামাটিতে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রাঙ্গামাটি, সৈয়দপুর, খুলনা, মোংলা, সাতক্ষীরা ও যশোর অঞ্চলগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থেকে বিস্তার লাভ করতে পারে।

তিনি আরও বলেন, ‘দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে নিম্নচাপে পরিণত হয়ে শনিবার সন্ধ্যা ৬টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে শাহীনুল বলেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।